বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ | ১৩ ফাল্গুন, ১৪৩২ | ৮ রমজান, ১৪৪৭

মূলপাতা আইন-আদালত

জামিন পেলেন নুসরাত ফারিয়া


চিত্রনায়িকা নুসরাত ফারিয়া

রাজনীতি সংবাদ প্রতিবেদক, ঢাকা
প্রকাশের সময় : ২০ মে ২০২৫, ১১:০৩ পূর্বাহ্ণ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হত্যাচেষ্টার অভিযোগে রাজধানীর ভাটারা থানায় করা মামলায় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া জামিন পেয়েছেন। আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান তাকে জামিন দেন।

এর আগে সকাল ৯টার দিকে নুসরাত ফারিয়াকে আদালতে হাজির করা হয়। এরপর তাকে ঢাকার সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়।

গতকাল সোমবার নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানো হয়। ওই দিন আদালতে হাজির করার পর নুসরাত ফারিয়ার জামিন চেয়ে আবেদন করেন তার আইনজীবীরা। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আজ সকালে জামিনের জন্য বিশেষ আবেদন করেন নুসরাত ফারিয়ার আইনজীবী। আদালত সকালেই শুনানি শেষে জামিন দেয় আদালত।

গত রোববার থাইল্যান্ড যাওয়ার সময় ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নুসরাত ফারিয়াকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। পরে তাকে ভাটারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। সেখানে থেকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়। জিজ্ঞাসাবাদ শেষে নুসরাত ফারিয়াকে রাজধানীর ভাটারা থানার একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন রাজধানী ঢাকার ভাটারা থানাধীন এলাকায় হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেন এনামুল হক নামে এক ব্যক্তি। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা, তার সরকারের সংশ্লিষ্ট ২৮৩ জন, অজ্ঞাতনামা তিন-চার শ’ জনের পাশাপাশি ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে মামলাটি করেন এনামুল হক।

মামলায় ১৭ জন অভিনয়শিল্পীর বিরুদ্ধে অভিযোগ, আসামিরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমন করার জন্য বিপুল অর্থ জোগান দিয়েছেন তৎকালীন আওয়ামী লীগের সরকারকে।

উল্লেখ্য, নুসরাত ফারিয়াকে সবশেষ জ্বিন ৩ সিনেমায় দেখা গেছে। গেল ঈদে মুক্তি পায় সিনেমাটি। এতে তার বিপরীতে ছিলেন আব্দুন নূর সজল। ছবিটি পরিচালনা করেন কামরুজ্জামান রোমান।

আরও পড়ুন: আদালতের কাঠগড়ায় কাঁদলেন নুসরাত ফারিয়া

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর