, | |

মূলপাতা চট্ট-মেট্টো

বিশ্বের সেরা অপারেটরদের হাতে তুলে দেওয়া হবে চট্টগ্রাম বন্দর


চট্টগ্রাম বন্দর পরিদর্শনকালে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
প্রকাশের সময় :১৪ মে, ২০২৫ ১২:৩২ : অপরাহ্ণ

চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির হৃৎপিণ্ড মন্তব্য করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘বাংলাদেশের অর্থনীতি পাল্টাতে চাইলে চট্টগ্রাম বন্দরই হলো মূল ভরসা। অন্তর্বর্তী সরকার চট্টগ্রাম বন্দরকে বিশ্বমানের করতে বিশ্বের শীর্ষস্থানীয় বন্দর পরিচালনা কোম্পানিগুলোকে আমন্ত্রণ জানিয়েছে। আমরা বিশ্বের সেরা অপারেটরদের হাতে বন্দরের দায়িত্ব তুলে দেবো।’

আজ বুধবার সকালে চট্টগ্রাম বন্দর পরিদর্শনকালে দেওয়া এক বক্তব্যে তিনি একথা বলেন।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘দেশের অর্থনীতিকে যদি পরিবর্তন করতে হয়, তবে চট্টগ্রাম বন্দরের ওপরই আমাদের ভরসা। একে ছাড়া আর কোনো বিকল্প নেই।’

চট্টগ্রাম বন্দরের গুরুত্ব তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, এটি বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ড। যদি হৃৎপিণ্ড দুর্বল হয়, তবে কোনো চিকিৎসকই একে ভালোভাবে চালাতে পারবে না। এজন্যই আমাদের এটিকে বিশ্বমানের করতে হবে।’

ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘এই হৃৎপিণ্ডকে প্রতিবেশীদের সঙ্গে যুক্ত করতে হবে। আমি এজন্য নেপাল ও ভারতের সাত বোন (উত্তর–পূর্বাঞ্চলীয় সাত রাজ্য) নিয়ে বলেছি। তারা যদি এর সঙ্গে যুক্ত হয়, তারা যেমন উপকৃত হবে, তেমনি আমরাও। আর যারা যুক্ত হবে না, তারাই ক্ষতিগ্রস্ত হবে।’

শৈশবে চট্টগ্রাম বন্দর ঘিরে নিজের স্মৃতিচারণ করে প্রধান উপদেষ্টা বলেন, চট্টগ্রাম বন্দর আমার কাছে নতুন নয়। শৈশব থেকেই এর সঙ্গে পরিচিত। এ বন্দর অনেক পরিবর্তিত হয়েছে, তবে দুঃখের বিষয়-এ পরিবর্তনের গতি ধীর। আমি যখন সুযোগ পেয়েছি, তখন থেকেই ভাবছিলাম কী করা যায়।’

ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘বিশ্ব অনেক এগিয়ে গেছে, কিন্তু আমরা অনেক পিছিয়ে রয়েছি। কেউ এই বন্দরের উন্নয়ন নিয়ে ভাবে না। এজন্যই আমি পরিবর্তনের কথা বলেছি। আমি বলেছি, বন্দরের পরিচালনার দায়িত্ব বিশ্বের শীর্ষ প্রতিষ্ঠানগুলোকে দিতে হবে। আশা করি সবাই এটি বুঝবে।’

 

অনুষ্ঠানে নৌ-পরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন চট্টগ্রাম বন্দরের উন্নয়নে প্রধান উপদেষ্টার আগ্রহের প্রশংসা করে বলেন, ‘চট্টগ্রাম বন্দর ঘিরে কয়েকটি নতুন টার্মিনাল নির্মিত হলে কনটেইনার জট অনেকটা কমে যাবে। আমি আশা করি, ছয় মাসের মধ্যেই আপনারা এর পরিবর্তন দেখতে পাবেন।’

এ সময় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান বন্দরের আধুনিকায়নের ওপর গুরুত্বারোপ করে বলেন, ‘বাংলাদেশের মোট বৈদেশিক বাণিজ্যের ৯২ শতাংশ এই বন্দর দিয়ে পরিচালিত হয় এবং তার ৯৮ শতাংশই নিউ মুরিং কনটেইনার টার্মিনাল দিয়ে হয়।’

বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান বলেন, ‘প্রাকৃতিক কারণে ২০০ মিটারের বেশি দীর্ঘ জাহাজ এই বন্দরে নোঙর করতে পারে না। এর ফলে বাংলাদেশ প্রতিদিন প্রায় ১০ লাখ ডলার ক্ষতির সম্মুখীন হয়-যা বিশ্বব্যাংকের একটি গবেষণায় উঠে এসেছে।’

এর আগে আজ সকালে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে পৌঁছান প্রধান উপদেষ্টা। এ সময় তাকে স্বাগত জানান চট্টগ্রামের সিটি মেয়রসহ অন্য কর্মকর্তারা। তারপর বিমানবন্দর থেকে সরাসরি চলে যান চট্টগ্রাম বন্দরে। সেখানে বন্দর ও জাহাজ চলাচল খাতের ঊর্ধ্বতন কর্মকর্তা, বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও বাণিজ্য সংস্থার নেতাদের সঙ্গে মতবিনিময় করেন।

অন্তবর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর প্রথমবার নিজ জেলা চট্টগ্রাম সফর করছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

আরও পড়ুন: সন্ত্রাসবিরোধী মামলায় আওয়ামী লীগ নেত্রী জিনাত সোহানা গ্রেপ্তার

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর