, | |

মূলপাতা আন্তর্জাতিক

মিসাইল ছোড়ে ভারতীয় ড্রোন ভূপাতিত করলো পাকিস্তান


পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের গুজরানওয়ালাতে ভারতীয় ড্রোন ভূপাতিত হয়ে আছড়ে পড়ে।
প্রকাশের সময় :৮ মে, ২০২৫ ৯:৩২ : পূর্বাহ্ণ

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের গুজরানওয়ালাতে আজ বৃহস্পতিবার সকালে ড্রোন হামলা চালিয়েছে ভারতীয় বাহিনী। তবে প্রতিরক্ষা ব্যবস্থা থেকে মিসাইল ছোড়ে ড্রোনটি ভূপাতিত করেছে পাকিস্তান।

পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের খবরে বলা হয়েছে, পাঞ্জাবের গুজরানওয়ালার গুজরাটের ডিঙ্গা এলাকায় একটি ড্রোন পাঠায় ভারত। যা সেখানকার একটি মাঠে গিয়ে আছড়ে পড়েছে। এরপর পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে যান। সেখান থেকে ড্রোনের ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একটি রেঁস্তোরায় বসে তারা খাবার খাচ্ছিলেন। তখন বিস্ফোরণের বিকট শব্দ শুনতে পান। তবে এ ড্রোনের আঘাতে কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

সামাজিক যোগাযোগমাধ্যমে গুজরানওয়ালার আকাশে ধারণ করা কয়েকটি ভিডিও ভাইরাল হয়েছে। এতে দেখা যাচ্ছে, একটি ড্রোন শহরটির দিকে আসছে। তখন ড্রোনটি ভূপাতিত করতে প্রতিরক্ষা ব্যবস্থা থেকে মিসাইল ছোড়ে পাকিস্তান। তারা সফলভাবে এটি ভূপাতিত করতে সমর্থ হয়।

স্থানীয় সংবাদমাধ্যম মারখোর টাইমস জানিয়েছে, গুজরানওয়ালায় ড্রোন ভূপাতিত করা হয়েছে। যা ডিঙ্গার কাছে আছড়ে পড়েছে। কোনো ক্ষতির খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তারা প্রতিরক্ষা মিসাইলের বিকট শব্দ শুনতে পান। ওই সময় ড্রোনটিও মাটিতে আছড়ে পড়তে দেখেন তারা। ওই সময় সেখানকার মানুষের মধ্যে আতঙ্ক দেখা দেয়।

তবে সংবাদমাধ্যমটি স্পষ্ট করে জানায়নি ড্রোনটি কোথা থেকে এসেছে। এছাড়া পাক সরকারও আনুষ্ঠানিকভাবে এ ব্যাপারে কোনো তথ্য জানায়নি। অপরদিকে জিও নিউজ ছাড়া মূলধারার সংবাদমাধ্যমগুলোতেও এ নিয়ে কোনো খবর প্রকাশ করতে দেখা যায়নি। তবে অল্প সময়ের মধ্যে এ নিয়ে সরকারি তথ্য জানা যেতে পারে বলে উল্লেখ করেছে সংবাদমাধ্যমটি।

আরও পড়ুন: ভারতের আগ্রাসনের জবাব দিতে সশস্ত্র বাহিনীকে অনুমতি দিলো পাকিস্তান

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর