, | |

মূলপাতা আন্তর্জাতিক

শাহবাজ ও জয়শঙ্করকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোন, কী কথা হলো


ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ।
প্রকাশের সময় :১ মে, ২০২৫ ১০:১০ : পূর্বাহ্ণ

কাশ্মীরে সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র উত্তেজনার প্রেক্ষাপটে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে ফোনে কথা বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। গতকাল বুধবার আলাদাভাবে দুই নেতার সঙ্গে ফোনালাপ করেন তিনি।

পাকিস্তানি গণমাধ্যম জিও নিউজ জানায়, কাশ্মীর ইস্যুতে উত্তেজনা প্রশমনে ভারত ও পাকিস্তানকে একসঙ্গে কাজ করার ওপর জোর দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। তিনি হামলার ঘটনায় উভয়পক্ষকে সংযম অবলম্বনের আহ্বান জানান। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতকে সহযোগিতা করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন তিনি। একই সঙ্গে হামলার তদন্তে পাকিস্তানের সহযোগিতার আহ্বান জানিয়েছেন তিনি।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস জানিয়েছেন, পাকিস্তানের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার ক্ষেত্রে ভারতকে সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। দক্ষিণ এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে পাকিস্তানের সঙ্গে যৌথভাবে কাজ করার জন্য ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

ট্যামি ব্রুস বলেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে আলাপকালে নয়াদিল্লির সঙ্গে সংহতি প্রকাশ করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি, পেহেলগামের হামলার পেছনে পাকিস্তানের সম্পৃক্ততার যে অভিযোগ ভারত তুলেছে এবং এর জেরে যে প্রতিশোধমূলক হুমকি আসছে-সে বিষয়ে সংযমের আহ্বান জানান রুবিও।

মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র আরও জানান, ভয়াবহ ওই হামলায় প্রাণহানির ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেন রুবিও। একই সঙ্গে সন্ত্রাসবাদ মোকাবিলায় ভারতের পাশে থাকার যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি।

ট্যামি ব্রুস বলেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে ফোনালাপে রুবিও পাকিস্তানকে কাশ্মীরে হামলার নিন্দা জানাতে এবং তদন্তে সহযোগিতা করতে বলেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এই অযৌক্তিক হামলার তদন্তে পাকিস্তানি কর্মকর্তাদের সহযোগিতার আহ্বান জানিয়েছেন।

পেহেলগামে হামলার ঘটনায় ২৬ জনের মৃত্যু হয়েছে। সেই ঘটনার পর পাকিস্তান এবং ভারতের দ্বিপক্ষীয় সম্পর্কের অবনতি হয়ে চলেছে ক্রমশ। পরিস্থিতি যাতে আরও খারাপ না-হয়, তার বন্দোবস্ত করতে বলেছে যুক্তরাষ্ট্র।

আরও পড়ুন: টান টান উত্তেজনায় পাকিস্তানে সর্বোচ্চ সতর্কতা, কী হতে চলেছে

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর