, | |

মূলপাতা অন্যান্য দল ও সংগঠন

ইলিয়াস কাঞ্চন ও শওকত মাহমুদের নেতৃত্বে নতুন দল ‘জনতা পার্টি বাংলাদেশ’


নতুন রাজনৈতিক দল ‘জনতা পার্টি বাংলাদেশ’ এর আত্মপ্রকাশ অনুষ্ঠান। ছবি: সংগৃহীত
রাজনীতি সংবাদ প্রতিবেদক প্রকাশের সময় :২৫ এপ্রিল, ২০২৫ ১:৪৫ : অপরাহ্ণ

‘গড়বো মোরা ইনসাফের দেশ’ এই স্লোগান নিয়ে দেশে আরও একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হয়েছে। নতুন এ দলের নাম ‘জনতা পার্টি বাংলাদেশ’। নবগঠিত এই দলের চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন আর মহাসচিব সাংবাদিক শওকত মাহমুদ।

আজ শুক্রবার রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানে দলটির আত্মপ্রকাশের ঘোষণা দেওয়া হয়।

আত্মপ্রকাশ অনুষ্ঠানে নতুন রাজনৈতিক দলের নাম ঘোষণা ও ইশতেহার পাঠ করেন শওকত মাহমুদ।

সাংবাদিক শওকত মাহমুদ বিএনপির ভাইস চেয়ারম্যান ছিলেন। তিনি জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক। এছাড়া বিএনপির সমর্থিত সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়কও ছিলেন। ২০২৩ সালের মার্চে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির সব পদ থেকে বহিষ্কার করা হয় তাঁকে। শওকত মাহমুদ বিএনপির পঞ্চম জাতীয় কাউন্সিলে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা হিসেবে মনোনীত হন। পরে ৬ষ্ঠ কাউন্সিলে বিএনপির ভাইস চেয়ারম্যান মনোনীত হয়েছেন। এছাড়া কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করেন।

নতুন দল গঠন প্রসঙ্গে ইলিয়াস কাঞ্চন বলেন, রাজনীতি নতুন কিছু না। আমি অনেক দিন ধরেই জনসেবা করছি। এবার সেটা একটা সংগঠিত কাঠামোর মধ্যে আনছি। আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছি এবং দেশের ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার পরিকল্পনা রয়েছে।

দলের ২৭ সদস্যের অ্যাডহক কমিটি ঘোষণা করেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। ঘোষিত কমিটির নির্বাহী চেয়ারম্যান ও মুখপাত্র গোলাম সারোয়ার মিলন। ভাইস চেয়ারম্যান রফিকুল হক হাফিজ, ওয়ালিউর রহমান খান, রেহানা সালাম, মো. আব্দুল্লাহ, এম এ ইউসুফ ও নির্মল চক্রবর্তী। সিনিয়র যুগ্ম মহাসচিব এম আসাদুজ্জামান। যুগ্ম মহাসচিব এবিএম রফিকুল হক তালুকদার রাজা, আল আমিন রাজু ও নাজমুল আহসান। সমন্বয়কারী নুরুল কাদের সোহেল। সাংগঠনিক সম্পাদক মুরাদ আহমেদ। প্রযুক্তি বিষয়ক সম্পাদক গুলজার হোসেন। প্রচার সম্পাদক হাসিবুর রেজা কল্লোল। সম্মানিত সদস্য হিসেবে আছেন মেজর (অব.) ইমরান ও কর্নেল (অব.) সাব্বির। উপদেষ্টা হিসেবে আছেন শাহ মো. আবু জাফর, মেজর (অব.) মুজিব, ইকবাল হোসেন মাহমুদ, ডা. ফরহাদ হোসেন মাহবুব, জাফর ইকবাল সিদ্দিকী, আউয়াল ঠাকুর, তৌহিদা ফারুকী ও মামুনুর রশীদ।

 

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর এ বছরের ফেব্রুয়ারি পর্যন্ত সাড়ে ছয় মাসে প্রায় ২২টি নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে।

আরও পড়ুন: ডেসটিনির রফিকুল আমীনের নেতৃত্বে নতুন দল ‘আ-আম জনতা পার্টি’

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর