কাশ্মীর ইস্যুতে দিল্লি-ইসলামাবাদ চলমান উত্তেজনার মধ্যে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের ঢাকা সফর স্থগিত করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকাস্থ পাকিস্তান হাইকমিশনের পক্ষ থেকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
ইসহাক দারের আসন্ন সফর স্থগিতের ব্যাপারে পাকিস্তান হাইকমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে উপপ্রধানমন্ত্রী ইসহাক দার আগামী ২৭ ও ২৮ এপ্রিল তার পূর্ব নির্ধারিত ঢাকা সফরে যেতে পারছেন না।
দু’দেশের পারস্পরিক আলোচনার ভিত্তিতে এই সফরের নতুন সূচি চূড়ান্ত করা হবে বলে পাকিস্তান হাইকমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে।
উল্লেখ্য, আগামী ২৭ এপ্রিল দুই দিনের সরকারি সফরে ইসহাক দারের ঢাকায় আসার কথা ছিল।
ইসহাক দারের সফরকে বাংলাদেশ-পাকিস্তান সম্পর্কের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে বিবেচনা করা হচ্ছিল। যা বিগত ১৩ বছরের মধ্যে কোনো পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর প্রথম সফর।
এক দশকেরও বেশি সময় ধরে দুই দেশের সম্পর্কের অচলাবস্থা নিরসনে দ্বিপাক্ষিক সম্পর্ককে স্বাভাবিক করার জন্য এ সফরকে কূটনীতিকরা একটি সম্ভাব্য পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছিলো।
গত ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে সন্ত্রাসী হামলায় ২৮ জন নিহত হয়েছে। নিহতের সকলেই পর্যটক বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। ওই ঘটনার পেছনে পাকিস্তানের হাত হয়েছে বলে ভারতের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। তবে পাকিস্তান এই অভিযোগ অস্বীকার করেছে। ওই ঘটনার জের ধরে ভারত ও পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এক দেশ অপর দেশের বিরুদ্ধে ভিসা বাতিল, নিজ নিজ দেশের নাগরিকদের দেশত্যাগের নির্দেশ, কূটনৈতিকের সংখ্যা কমানোসহ নানা পদক্ষেপ গ্রহণ করছে।
আরও পড়ুন: এবার ভারতের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নিলো পাকিস্তান
