বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ | ১৩ ফাল্গুন, ১৪৩২ | ৮ রমজান, ১৪৪৭

মূলপাতা জাতীয়

সাবেক আইজিপি বেনজীরের নামে ইন্টারপোলের ‘রেড নোটিশ’ জারি


সাবেক আইজিপি বেনজীর আহমেদ

রাজনীতি সংবাদ ডেস্ক
প্রকাশের সময় : ২২ এপ্রিল ২০২৫, ২:২৭ অপরাহ্ণ

আওয়ামী লীগ সরকার আমলের নানা কর্মকাণ্ডে বিতর্কিত ও সমালোচিত পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের নামে ‘রেড নোটিশ’ জারি করেছে আন্তর্জাতিক পুলিশ সংস্থা-ইন্টারপোল। গত ১০ এপ্রিল এই রেড নোটিশ জারি করা হয়।

বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) ছাড়াও পুলিশ সদর দপ্তরের সংশ্লিষ্ট একাধিক সূত্র বেনজীরের বিরুদ্ধে রেড নোটিশ জারির বিষয়টি একটি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছে।

তবে বেনজীরের বিরুদ্ধে রেড নোটিশটি এখনো ইন্টারপোলের ওয়েবসাইটে দেওয়া হয়নি। তার অবস্থান শনাক্ত করার পর সেটি ওয়েবসাইটে দেওয়া হবে। তবে রেড নোটিশ জারির বিষয়টি বাংলাদেশ পুলিশকে ই-মেইলের মাধ্যমে নিশ্চিত করা হয়েছে ইন্টারপোলের পক্ষ থেকে।

পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, আদালতের নির্দেশনায় প্রসিকিউশন (রাষ্ট্রপক্ষ) অথবা তদন্ত সংস্থার অনুরোধের পরিপ্রেক্ষিতে এনসিবি ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন করে থাকে।

পুলিশ সদর দপ্তরের ডিআইজি পদ মর্যাদার এক কর্মকর্তা বলেন, দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে ঢাকার একটি আদালত সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য ব্যবস্থা নিতে নির্দেশ দেয়। এরপর গত ফেব্রুয়ারি মাস থেকে বেনজীরের বিরুদ্ধে রেড নোটিশ জারি করতে ইন্টারপোলের কাছে আবেদন করা হয়। বেনজীর আহমেদের বিরুদ্ধে আর্থিক দুর্নীতি বা অপরাধের অভিযোগের কারণে দ্রুত পদক্ষেপ হিসেবে গত ১০ এপ্রিল তার বিরুদ্ধে রেড নোটিশ জারি করে ইন্টারপোল।

বেনজীরের অবস্থান সম্পর্কে জানতে চাইলে ওই কর্মকর্তা বলেন, বেনজীর স্বপরিবারে পলাতক। কোন দেশে আছেন তা এখনো আমরা নিশ্চিত হতে পারিনি। তবে রেড নোটিশ যেহেতু জারি হয়েছে, আশা করি খুব শিগগিরই তার অবস্থান ও গ্রেপ্তার করে দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে।

প্রসঙ্গত, ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগে আওয়ামী লীগ সরকারের আমলেই বেনজীর আহমেদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছিল দুদক। অনুসন্ধান চলাকালে গত বছরের ৪ মে সপরিবারে দেশ ছাড়েন তিনি। ২০২০ সালের এপ্রিল থেকে ২০২২ সালের সেপ্টেম্বর পর্যন্ত আইজিপির দায়িত্ব পালন করা বেনজীর ২০১৫ থেকে ২০২০ সালের এপ্রিল পর্যন্ত র‌্যাবের মহাপরিচালক ছিলেন। তার বিরুদ্ধে বিচার বহির্ভূত হত্যা, গুম, খুন, দুর্নীতিসহ নানা অভিযোগের তদন্ত চলছে।

 

জানা গেছে, গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে দেশ থেকে পালানো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ আরও ১০ জনের নামে রেড নোটিশ জারির আবেদন পর্যালোচনা করছে ইন্টারপোল।

বাকি যে ৮ জনের নামে রেড নোটিশ জারির আবেদন পর্যালোচনা করছে ইন্টারপোল তারা হলেন-সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস, সাবেক প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এবং সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত।

আরও পড়ুন: বেনজীরের ৪৩ কোটি ৫০ লাখ টাকার অবৈধ সম্পদ পেয়েছে দুদক

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর