রাজনীতি সংবাদ প্রতিবেদক, ঢাকা
প্রকাশের সময় : ১৬ এপ্রিল ২০২৫, ১০:০৫ অপরাহ্ণ
দেশের বাজারে বিভিন্ন ক্যারেটের স্বর্ণের দাম আরেক দফা বেড়েছে। এতে রেকর্ড ভেঙে আবার রেকর্ড দামে পৌঁছেছে মূল্যবান এ ধাতু। সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ৩ হাজার ৩৩ টাকা বাড়িয়ে ১ লাখ ৬৫ হাজার ২০৯ টাকা নির্ধারণ করা হয়েছে। এ দাম দেশের ইতিহাসে সর্বোচ্চ। এর আগে ২২ ক্যারেটের স্বর্ণের দাম ছিল ১ লাখ ৬২ হাজার ১৭৬ টাকা।
আজ বুধবার রাতে স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কিছুটা বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৭ হাজার ৬৯৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৩৫ হাজার ১৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ১১ হাজার ৬৫৯ টাকা নির্ধারণ করা হয়েছে।
তবে স্বর্ণের গহনা কিনতে ক্রেতাদের এর চেয়ে বেশি অর্থ গুনতে হবে। কারণ বাজুস নির্ধারণ করা দামের ওপর ৫ শতাংশ ভ্যাট যোগ করে স্বর্ণের গহনা বিক্রি করা হয়। একই সঙ্গে ভরিপ্রতি মজুরি ধরা হয় ন্যূনতম সাড়ে ৩ হাজার টাকা। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।
আগামীকাল বৃহস্পতিবার থেকে স্বর্ণের নতুন দাম কার্যকর হবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সব জুয়েলারি ব্যবসায়ীকে নতুন মূল্য তালিকায় স্বর্ণ বিক্রির অনুরোধ জানিয়েছে বাজুস।
এর আগে গত ১৩ এপ্রিল ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৩৮ টাকা কমানো হয়েছিল।
রুপার দাম অপরিবর্তিত
স্বর্ণের দাম বাড়লেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ক্যাটাগরি অনুযায়ী, বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ২ হাজার ৭৪১ টাকা, ২১ ক্যারেটের দাম প্রতি ভরি ২ হাজার ৬২৫ টাকা, ১৮ ক্যারেটের দাম প্রতি ভরি ২ হাজার ২৩৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ১ হাজার ৬৮০ টাকা।
আরও পড়ুন: বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় ড. মুহাম্মদ ইউনূস
