সমগ্র ফিলিস্তিনে সাধারণ ধর্মঘটের ঘোষণা দিয়েছে দ্য ন্যাশনাল অ্যান্ড ইসলামিক ফোর্স অব প্যালেস্টাইন বা প্যালেস্টাইন জাতীয় ও ইসলামিক বাহিনী। গাজায় চলমান ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে আন্তর্জাতিক সমর্থক এবং ন্যায়বিচারের পক্ষে ফিলিস্তিনিরা এ কর্মসূচির ঘোষণা দিয়েছে।
ফিলিস্তিনভিত্তিক ওয়াফা নিউজ এজেন্সি এক প্রতিবেদনে জানিয়েছে, আগামীকাল সোমবার এই ধর্মঘট অনুষ্ঠিত হবে। একই সঙ্গে ফিলিস্তিনিরা বিশ্বব্যাপী এই ধর্মঘট পালনের আহ্বান জানিয়েছে।
ফিলিস্তিনি জাতীয় ও ইসলামিক বাহিনী হল দ্বিতীয় ইন্তিফাদার সূত্রপাতের পরপরই ইয়াসির আরাফাতের অনুমোদনে এবং মারওয়ান বারগুতির নেতৃত্বে গঠিত একটি জোট। এই জোট তার সদস্যদের এজেন্ডা সমন্বয় করে এবং ইসরায়েলের বিরুদ্ধে যৌথ রাজনৈতিক পদক্ষেপের পরিকল্পনা ও বাস্তবায়নে সহায়তা করে।
জারি করা এক বিবৃতিতে জোটটি প্রতিরোধের কণ্ঠস্বর উত্থাপন এবং ইসরায়েলি বাহিনীর সংঘটিত ভয়াবহ গণহত্যা ও অপরাধ তুলে ধরার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছে। এর মধ্যে রয়েছে বেসামরিক নাগরিকদের, বিশেষ করে শিশু ও নারীদের হত্যা এবং ফিলিস্তিনিদের তাদের বাড়িঘর থেকে উচ্ছেদ করার লক্ষ্যে ব্যাপক ধ্বংসযজ্ঞ।
বিবৃতিতে ইসরায়েলি আগ্রাসন বন্ধে স্থানীয় ও আন্তর্জাতিক প্রচেষ্টাকে একত্রিত করার এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন ও ফিলিস্তিনিদের অধিকারের জন্য জবাবদিহিতার দাবি অব্যাহত রাখার গুরুত্বের ওপর জোর দেওয়া হয়েছে।
গাজায় অবরুদ্ধ ফিলিস্তিনিদের বিরুদ্ধে ১৭ মাস ধরে চলা ভয়াবহ যুদ্ধের পরিপ্রেক্ষিতে বেশ কয়েকজন বিশিষ্ট মুসলিম বিশেষজ্ঞ এক বিরল ধর্মীয় ফরমান বা ফতোয়া জারি করেছেন। তারা সমস্ত মুসলিম ও মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশকে ইসরায়েলের বিরুদ্ধে জিহাদ করার আহ্বান জানিয়েছেন।
মিশরীয় ইসলামী পণ্ডিত ইউসুফ আল-কারাদভীর নেতৃত্বাধীন ইসলামি সংগঠন ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব মুসলিম স্কলারসের (আইইউএমএস) মহাসচিব ও প্রভাবশালী কুর্দি সুন্নি ইসলাম পণ্ডিত শেখ আলী আল-কারাদাঘি গত শুক্রবার সমস্ত মুসলিম দেশকে তাদের ম্যান্ডেট অনুসারে ফিলিস্তিনে চলমান গণহত্যা ও ব্যাপক ধ্বংসযজ্ঞ বন্ধে অবিলম্বে সামরিক, অর্থনৈতিক এবং রাজনৈতিকভাবে হস্তক্ষেপ করার আহ্বান জানান।
শেখ আলী আল-কারাদাঘি শরিয়া ও ফিকাহ এবং ইসলামী অর্থনীতির বিশেষজ্ঞ। তিনি দোহার কাতার বিশ্ববিদ্যালয়ের শরিয়া ও ইসলামিক স্টাডিজ অনুষদের আইনশাস্ত্রের অধ্যাপক। ইসরায়েলকে প্রতিহত করতে তিনি প্রায় ১৫ দফা ফরমান বা ফতোয়া জারি করেছেন।
ফতোয়ায় আলী আল-কারাদাঘি বলেন, গাজা ধ্বংস হওয়ার সময় আরব ও ইসলামি সরকারগুলোর সমর্থন দেওয়ার ব্যর্থতা ইসলামী আইন অনুসারে সেখানকার নির্যাতিত মানুষদের প্রতি বড় অন্যায়। গাজার মুসলমানদের নির্মূলের চেষ্টা করা কাফের শত্রু ইসরায়েলকে সমর্থন করা নিষিদ্ধ, তা সে যে ধরণের সমর্থনই করুক না কেন। ইসরায়েলিদের কাছে অস্ত্র বিক্রি করা নিষিদ্ধ। সুয়েজ খাল, বাব আল-মান্দাব, হরমুজ প্রণালী, অথবা অন্য কোনো স্থল, সমুদ্র বা আকাশপথের মতো বন্দর বা আন্তর্জাতিক জলপথ দিয়ে তাদের জন্য অস্ত্র পরিবহন সহজতর করা নিষিদ্ধ।
ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব মুসলিম স্কলারস যে ফতোয়া জারি করেছে, সেটিতে গাজার মুসলিমদের সমর্থনে দখলদার শত্রুর (ইসরায়েল) জন্য আকাশ, স্থল ও সমুদ্র অবরোধের দাবি করা হয়েছে বলেও জানান তিনি।
গত জানুয়ারিতে ক্ষমতায় আসার আগে নির্বাচনী প্রচারণার সময় বারবার যুদ্ধ বন্ধ করার প্রতিশ্রুতি ও অস্থায়ী যুদ্ধবিরতি ঘোষণার কথা বলেন ট্রাম্প। কিন্তু গত মাসে ফিলিস্তিনের বিরুদ্ধে ফের যুদ্ধ শুরু করতে ইসরায়েলকে সবুজ সংকেত দেখান তিনি। যুদ্ধবিরতি চুক্তি বাতিল করার পর থেকে ইসরায়েল শত শত শিশুসহ এক হাজার ২০০ জনেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করে। ২০২৩ সালের অক্টোবরে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ৫০ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।
আরও পড়ুন: মোদি সরকার মুসলমানবিরোধী আরও একটি পদক্ষেপ নিয়েছে: আসিফ নজরুল
