দক্ষিণ এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ দিতে থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
আজ বৃহস্পতিবার সকাল ৮টা ৫৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ব্যাংককের উদ্দেশে তিনি ঢাকা ছাড়েন।
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমসটেক সম্মেলন শুরু হয়েছে গতকাল বুধবার থেকে। চলবে ৪ এপ্রিল পর্যন্ত। সম্মেলনে বিমসটেকভুক্ত বিভিন্ন দেশের সরকার প্রধানদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। তবে, মিয়ানমারের জান্তা সরকারের প্রধান মিন অং হ্লাইং সম্মেলনে যোগ দেবেন কি না, তা এখনো অনিশ্চিত।
গতকাল বুধবার প্রধান উপদেষ্টা হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান ব্রিফিংয়ে জানান, বিমসটেক সম্মেলনে অংশ নিতে ৩-৪ এপ্রিল থাইল্যান্ডে অবস্থান করবেন প্রধান উপদেষ্টা। এ সফরে তার সঙ্গে থাকবেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন।
সফরে প্রধান উপদেষ্টা ভারতসহ বিমসটেক সদস্য রাষ্ট্রগুলোর নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। সম্মেলনের সময় দুটি সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানেও উপস্থিত থাকবেন তিনি।
এদিকে বিমসটেক সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রথম দ্বি-পাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্যাংককে। ব্যাংকক সময় শুক্রবার বিকাল ৩টা ৪৫ মিনিটে এ বৈঠক হওয়ার কথা রয়েছে।
বিমসটেকের পরবর্তী চেয়ারম্যান হচ্ছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এরপর থেকে বিমসটেকের কার্যক্রম পরিচালনায় মুখ্য ভূমিকা পালন করবে বাংলাদেশ।
প্রসঙ্গত, বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল, টেকনিকাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন (বঙ্গোপসাগর অঞ্চলে বহুখাতীয়, কারিগরি ও অর্থনৈতিক সহযোগিতা উদ্যোগ) বা সংক্ষেপে বিমসটেক। এটি দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় কয়েকটি দেশকে নিয়ে গঠিত আঞ্চলিক জোট।
১৯৯৭ সালের ৬ জুন ব্যাংককে বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা ও থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের একটি বৈঠকে একটি নতুন আন্তঃআঞ্চলিক জোট সৃষ্টি করা হয় এবং সভায় অংশগ্রহণকারী মূল আলোচকদের দেশের নামের অদ্যাক্ষর অনুযায়ী এই জোটের নাম দেওয়া হয়।
আরও পড়ুন: বিমসটেকের পরবর্তী চেয়ারম্যান হচ্ছেন ড. ইউনূস
