, | |

মূলপাতা জাতীয়

নৈশভোজের টেবিলে পাশাপাশি ড. ইউনূস-নরেন্দ্র মোদি


বিমসটেক সম্মেলনে নৈশভোজের টেবিলে পাশাপাশি বসেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
প্রকাশের সময় :৩ এপ্রিল, ২০২৫ ৮:০৭ : অপরাহ্ণ

থাইল্যান্ডে বিমসটেক সম্মেলনের আনুষ্ঠানিক নৈশভোজে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। একই অনুষ্ঠানে যোগ দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সম্মেলনে নৈশভোজের টেবিলে তাদের দুজনকে এক টেবিলে পাশাপাশি বসতে দেখা গেছে।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ব্যাংককের একটি অভিজাত হোটেলে এ নৈশভোজের আয়োজন করা হয়। যেখানে দক্ষিণ এশিয়ার শীর্ষ নেতারা একত্রিত হন। অনুষ্ঠানে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রর সঙ্গে স্মৃতিচারণমূলক একটি ছবি তোলেন।

নৈশভোজে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ শ্রীলঙ্কার প্রেসিডেন্ট, নেপালের প্রধানমন্ত্রী, এবং অন্যান্য দক্ষিণ এশীয় নেতারা উপস্থিত ছিলেন।

এদিন সন্ধ্যায় নৈশভোজের বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায়। ছবিগুলো পেছন থেকে তোলা হয়েছে। কিছুটা দূর থেকে তোলা ছবিগুলো পোস্ট করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

ছবিগুলো পোস্ট করে ক্যাপশনে লিখেছেন-ব্যাংককে বিমসটেকের অফিসিয়াল ডিনার।

দুইদিনের সফরে থাইল্যান্ড গিয়েছেন প্রধান উপদেষ্টা। বিমসটেক সম্মেলনে যোগ দিতে ব্যাংককে অবস্থান করছেন তিনি। শুক্রবার বিমসটেকের চেয়ারম্যানের দায়িত্ব পাচ্ছে বাংলাদেশ। প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের কাছে দায়িত্ব হস্তান্তর করবেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী।

এছাড়া সম্মেলনের সাইডলাইনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের কথা আলোচনায় আছে। তবে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কেউ নিশ্চিত করেনি।

প্রসঙ্গত, বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল, টেকনিকাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন (বঙ্গোপসাগর অঞ্চলে বহুখাতীয়, কারিগরি ও অর্থনৈতিক সহযোগিতা উদ্যোগ) বা সংক্ষেপে বিমসটেক। এটি দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় কয়েকটি দেশকে নিয়ে গঠিত আঞ্চলিক জোট।

১৯৯৭ সালের ৬ জুন ব্যাংককে বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা ও থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের একটি বৈঠকে একটি নতুন আন্তঃআঞ্চলিক জোট সৃষ্টি করা হয় এবং সভায় অংশগ্রহণকারী মূল আলোচকদের দেশের নামের অদ্যাক্ষর অনুযায়ী এই জোটের নাম দেওয়া হয়।

আরও পড়ুন: বিমসটেকের পরবর্তী চেয়ারম্যান হচ্ছেন ড. ইউনূস

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর