, | |

মূলপাতা জাতীয়

আ.লীগকে কোনো দিন রাজনৈতিকভাবে দাঁড়াতে দেবো না: উপদেষ্টা মাহফুজ


আজ রাজধানীর তেজগাঁওয়ে গুম ও খুনের শিকার হওয়া পরিবারের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম।
প্রকাশের সময় :১ এপ্রিল, ২০২৫ ১১:১৮ : অপরাহ্ণ

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, ‘আওয়ামী লীগ দল ছিল না, তারা ছিল মাফিয়া। তাদের কোনো দিন রাজনৈতিকভাবে দাঁড়াতে দেবো না।’

আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে গুম ও খুনের শিকার হওয়া পরিবারের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন।

তথ্য উপদেষ্টা বলেন, ‘বিগত সরকারের সময় গুম-খুন রাজনৈতিক সিদ্ধান্তে হয়েছিল। এগুলো করার জন্য বিশেষ টিম ছিল। পুলিশ-র‍্যাবসহ সবাইকে গুমের আদেশ দেওয়া ছিল।’

মাহফুজ আলম বলেন, ‘হাসিনা গুম-খুন করে তার বাবা-মায়ের হত্যার প্রতিশোধ নিয়েছেন। ২০১৩ ও ২০১৪ সালে মানুষ যখন ভোটাধিকারের জন্য লড়াই করছিলেন, তখনই সবচেয়ে বেশি গুম করা হয়েছিল। যার মূল উদ্দেশ্য ছিল নির্বাচনব্যবস্থা ধ্বংস করা।’

তথ্য উপদেষ্টা বলেন, ‘গোটা দেশেই আয়নাঘরের অস্তিত্ব ছিল। অসংখ্য মানুষ গুমের শিকার হয়েছে। বিরোধী মতের অনেক মানুষকে গুম করে ভারতের জেলে পাচার করা হতো।’

মাহফুজ আলম বলেন, ‘যারা রাজনৈতিকভাবে আওয়ামী লীগ সরকারের বিরোধিতা করেছেন, তাদের সন্ত্রাসী ও জঙ্গি ট্যাগ দিয়ে গুম করা হয়েছে এবং তাদের স্বজনদের আতঙ্কগ্রস্ত করা হয়েছে। গুমের কাজে রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানকেও ব্যবহার করা হয়েছিল।’

তথ্য উপদেষ্টা বলেন, ‘গুমের সঠিক কোনো হিসাব নেই। তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহায়তায় তালিকা করা হচ্ছে। বিএনপি-জামায়াতসহ ভিন্ন মতাদর্শের সবাই শেখ হাসিনার ভিকটিম ছিল।’

মাহফুজ আলম বলেন, ‘সরকার ইতোমধ্যে গুম-সংক্রান্ত তদন্ত কমিশন গঠন করেছে। এই কমিশনের প্রস্তাবনা অনুযায়ী গুমের সঙ্গে জড়িত অনেকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। অনেকের বিরুদ্ধে তদন্ত চলমান।’

আরও পড়ুন: হাসিনা এখনো সবুজ সংকেত দেননি

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর