চীনের রাজধানী বেইজিংয়ের ক্যাপিটাল আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে রাজকীয় লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১০টা ২০ মিনিটে বেইজিংয়ে পৌঁছান প্রধান উপদেষ্টা। সেখানে প্রধান উপদেষ্টাকে রাজকীয় লাল গালিচা সংবর্ধনা দেয় চীন। চীনের উপমন্ত্রী সান ওয়েইডং বেইজিং ক্যাপিটাল আন্তর্জাতিক বিমানবন্দরে ড. মুহাম্মদ ইউনূসকে অভ্যর্থনা জানান।
এর আগে চারদিনের চীন সফরের দ্বিতীয় দিনে হাইনান প্রদেশের বোয়াও শহরে ব্যস্ততম দিন পার করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বেশ কয়েকটি প্রোগ্রাম অংশ নিয়ে চীনের স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে বেইজিং এসে পৌঁছেছেন।
আজ শুক্রবার সকাল ১০টায় বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক অনুষ্ঠিত হবে। এরপর বেলা পৌনে ১২টার দিকে প্রেসিডেন্সিয়াল বেইজিংয়ে চীনা ব্যবসায়ী নেতাদের সঙ্গে একটি ‘ইনভেস্টমেন্ট ডায়ালগে’ অংশগ্রহণ করবেন।
প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশে ব্যবসাবান্ধব পরিবেশ সম্পর্কে অবহিত এবং বাংলাদেশে চীনা বিনিয়োগ আকর্ষণ করতে এই অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।
প্রধান উপদেষ্টা একই স্থানে টেকসই অবকাঠামো ও জ্বালানি বিনিয়োগ, বাংলাদেশ ২.০ উৎপাদন ও বাজার সুযোগ এবং সামাজিক ব্যবসা, যুব উদ্যোক্তা এবং তিন শূন্যের বিশ্ব- এই তিনটি বিষয়ের ওপর তিনটি গোলটেবিল আলোচনায়ও যোগ দেবেন।
বৈঠককালে তিনি বিভিন্ন কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা, সামাজিক ব্যবসা সার্কেলের অভিজ্ঞ ব্যক্তিবর্গ, বিখ্যাত চীনা কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তা এবং ব্যবসায়িক প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন।
জানা গেছে, ২৯ মার্চ অধ্যাপক ড. ইউনূস পিকিং বিশ্ববিদ্যালয়ে (পিকেইউ) বক্তৃতা দেবেন এবং বিশ্ববিদ্যালয়টি বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করবে।
এছাড়াও তিনি চীনের হাসপাতাল চেইনগুলোর সঙ্গে আলোচনা করবেন, যাতে তারা যৌথ উদ্যোগের মাধ্যমে বাংলাদেশে ব্যবসার সম্ভাবনা অন্বেষণ এবং হাসপাতাল স্থাপনের জন্য উৎসাহিত হয়।
চার দিনের সফর শেষে আগামী ২৯ মার্চ প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে।
আরও পড়ুন: চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক আজ
