, | |

মূলপাতা জাতীয়

৭ বিশিষ্ট ব্যক্তিকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধান উপদেষ্টা


রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে পদকপ্রাপ্ত ও তাদের পরিবারের সদস্যদের হাতে পদক তুলে দেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
প্রকাশের সময় :২৫ মার্চ, ২০২৫ ১২:০৫ : অপরাহ্ণ

জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে সাত বিশিষ্ট ব্যক্তি পেলেন বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার স্বাধীনতা পুরস্কার-২০২৫।

আজ মঙ্গলবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে পদকপ্রাপ্ত ও তাদের পরিবারের সদস্যদের হাতে পদক তুলে দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

গত ১১ মার্চ রাষ্ট্রীয় সর্বোচ্চ পুরস্কারের জন্য মনোনীতদের তালিকার প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

স্বাধীনতা পুরস্কার পেয়েছেন যারা-বিজ্ঞান ও প্রযুক্তিতে অধ্যাপক জামাল নজরুল ইসলাম (মরণোত্তর), সাহিত্যে মীর আবদুস শুকুর আল মাহমুদ (মরণোত্তর), সংস্কৃতিতে নভেরা আহমেদ (মরণোত্তর), সমাজসেবায় স্যার ফজলে হাসান আবেদ (মরণোত্তর), মুক্তিযুদ্ধ ও সংস্কৃতিতে মোহাম্মদ মাহবুবুল হক খান ওরফে আজম খান (মরণোত্তর), শিক্ষা ও গবেষণায় বদরুদ্দীন মোহাম্মদ উমর এবং প্রতিবাদী তারুণ্যে আবরার ফাহাদ (মরণোত্তর)।

 

জামাল নজরুল ইসলামের পক্ষ থেকে তার মেয়ে সাদাফ সাদ সিদ্দিকী, আল মাহমুদের মেয়ে বেগম আতিয়া মীর, ফজলে হাসান আবেদের ছেলে শামেরান আবেদ, আজম খানের মেয়ে অরণী খান এবং আবরার ফাহাদের মা রোকেয়া খাতুন পুরস্কার গ্রহণ করেন। নভেরা আহমেদের পুরস্কার প্যারিসে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

পুরস্কারের জন্য মনোনীত একমাত্র জীবিত বিশিষ্ট ব্যক্তি বদরুদ্দীন উমর পুরস্কার গ্রহণে অপারগতা প্রকাশ করায় তার জন্য পদক তৈরি করা হয়নি।তিনি পুরস্কার নেবেন না বলে আগেই জানিয়েছিলেন। শতাধিক গ্রন্থের এই লেখক আজীবন কোনো পুরস্কার গ্রহণ করেননি। তার ব্যক্তিগত এই ভাবনাকে সরকার সম্মান জানায়, তবে তার পুরস্কারের একটি রেপ্লিকা জাতীয় জাদুঘরে রাখা হবে বলে অনুষ্ঠানে জানানো হয়।

অনুষ্ঠান সঞ্চালনা করেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আবদুর রশিদ। অনুষ্ঠানে তিনি জানান, স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহিদদের স্মৃতির প্রতি সম্মান প্রদর্শনের লক্ষে প্রতি বছর জাতীয় জীবনের বিভিন্ন ক্ষেত্রে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে স্বাধীনতা পুরস্কার দেওয়া হয়ে থাকে।

২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে সরকার ১৯৭৭ সাল থেকে প্রতিবছর স্বাধীনতা পুরস্কার দিয়ে আসছে। এ পর্যন্ত ৩২৪ জন স্বাধীনতা পুরস্কার পেয়েছেন বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব। স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিকে ৫ লাখ টাকা, ১৮ ক্যারেট মানের ৫০ গ্রাম স্বর্ণের পদক, পদকের একটি রেপ্লিকা ও একটি সম্মাননাপত্র দেওয়া হয়।

আরও পড়ুন: এবারের মঙ্গল শোভাযাত্রার স্লোগান ‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর