, | |

মূলপাতা জাতীয়

চার দিনের সফরে আজ ঢাকায় আসছেন জাতিসংঘ মহাসচিব


জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস
প্রকাশের সময় :১৩ মার্চ, ২০২৫ ২:০২ : পূর্বাহ্ণ

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস চার দিনের সফরে আজ বৃহস্পতিবার বিকেলে ঢাকায় আসছেন। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে তিনি এই সফর করছেন। আগামীকাল শুক্রবার কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শনের সময় তিনি এক লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতারে অংশ নেবেন, যেখানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসও উপস্থিত থাকবেন। রোহিঙ্গাদের প্রতি সহমর্মিতা জানাতে জাতিসংঘ মহাসচিব পানাহার থেকে বিরত থাকারও কথা রয়েছে।

বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের প্রতি সহমর্মিতা জানানো জাতিসংঘ মহাসচিবের এই সফরের লক্ষ্য। একই সঙ্গে এই সফরের মধ্য দিয়ে ক্রমবর্ধমান রোহিঙ্গা সংকটের প্রতি বিশ্বসম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণের চেষ্টা চালাবেন তিনি। তার মূল এজেন্ডা রোহিঙ্গা সংকট হলেও বাংলাদেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কেও আলোকপাত করতে পারেন জাতিসংঘ মহাসচিব। এ বিষয়ে তিনি কী বার্তা দেবেন সেটা খুবই তাৎপর্যপূর্ণ।

শনিবার সিভিল সোসাইটির সঙ্গে অনুষ্ঠেয় বৈঠকটিকে তাই খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে গণতন্ত্রে ফিরে যাওয়া আন্তর্জাতিক মহলের প্রত্যাশা। গুতেরেস একই প্রত্যাশার কথা বলতে পারেন বলে ধারণা করা যায়। এই বিষয়ে জাতিসংঘ থেকে কারিগরি সহযোগিতার আশ্বাস দিতে পারেন।

এছাড়াও, জাতিসংঘ মানবাধিকার দপ্তরের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন তাদের প্রতিবেদনে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে প্রায় ১৪০০ মানুষ মারা যাওয়ার তথ্য দিয়েছে। ফলে এমন হত্যাকাণ্ডের জন্য জবাবদিহিতার প্রসঙ্গও আনতে পারেন জাতিসংঘ প্রধান। এছাড়াও, অনেক কর্মসূচিতে অংশ নেবেন তিনি।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম গতকাল বুধবার ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিংয়ে বলেছেন, জাতিসংঘ মহাসচিবের এই সফরে রোহিঙ্গা সংকট নিয়ে বড় পরিসরে আলোচনা হবে।

প্রেস সচিব জানান, জাতিসংঘ মহাসচিবের সফরে রোহিঙ্গাদের আর্থিক সহায়তাসহ বড় ধরনের অগ্রগতি আসতে পারে। একই সঙ্গে মহাসচিব রোহিঙ্গা শিবির পরিদর্শন করবেন। রোহিঙ্গাদের জন্য খাদ্য সহায়তা কমে গেছে। জাতিসংঘ মহাসচিবের সফরে রোহিঙ্গা সমস্যা বিশ্বনেতাদের নজরে আসবে বলে আশা করা হচ্ছে।

 

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আজাদ মজুমদার বলেন, জাতিসংঘ মহাসচিব প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন। তাঁরা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে একসঙ্গে কক্সবাজার যাবেন। আগামীকাল কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে রোহিঙ্গাদের সঙ্গে দিনভর নানা কর্মসূচিতে অংশ নেবেন জাতিসংঘ মহাসচিব। সন্ধ্যায় রোহিঙ্গা ক্যাম্পে প্রধান উপদেষ্টার সম্মানে এক লাখ রোহিঙ্গাকে নিয়ে এক ইফতার মাহফিলে যোগ দেবেন তিনি।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বাংলাদেশ সফরকালে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তির (ভিআইপি) মর্যাদা পাবেন।

আন্তোনিও গুতেরেস পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী। ২০১৭ সালের ১ জানুয়ারি জাতিসংঘ মহাসচিব হিসেবে দায়িত্ব পালন শুরুর আগে ২০০৫ থেকে ২০১৫ সাল পর্যন্ত তিনি জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার ছিলেন। তাই রোহিঙ্গা সংকট এবং এর জটিলতার বিষয়ে আগে থেকেই তিনি অবগত। পরিবর্তিত বিশ্বপরিস্থিতিতে রোহিঙ্গাদের প্রতি বৈশ্বিক সাহায্য-সহযোগিতা কমছে। তাই এ সংকটের সুষ্ঠু সমাধানের লক্ষ্যে এ বিষয়ে বিশ্বসম্প্রদায়ের দৃষ্টি অব্যাহত রাখা গুরুত্বপূর্ণ।

কর্মকর্তারা বলেছেন, রাখাইনে খাদ্য ও মানবিক সংকট মোকাবেলায় জাতিসংঘ বাংলাদেশের সহযোগিতা চাচ্ছে। তবে বাংলাদেশ এ বিষয়ে সতর্কতার সঙ্গে অগ্রসর হতে চাচ্ছে।

গত জুলাই-আগস্টে মানবাধিকার লঙ্ঘন তদন্তে জাতিসংঘের তদন্তদল গত মাসে প্রতিবেদন প্রকাশ করেছে। এমন প্রেক্ষাপটে জাতিসংঘ মহাসচিবের সফর বাংলাদেশে মানবাধিকার ইস্যুতে গুরুত্ব দিতে গুতেরেসের প্রতি বিভিন্ন সংস্থা আহ্বান জানিয়েছে।

জাতিসংঘ মহাসচিব আগামী শনিবার ঢাকায় জাতিসংঘের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। এ ছাড়া নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গেও তার বৈঠক করার কথা রয়েছে। সফর শেষে আগামী রোববার তিনি ঢাকা ছাড়বেন।

আরও পড়ুন: পাকিস্তানে ট্রেন থেকে সব জিম্মি যাত্রী উদ্ধার, নিহত ৩০ হামলাকারী 

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর