, | |

মূলপাতা আন্তর্জাতিক

পাকিস্তানে চলন্ত ট্রেনে হামলা, ৪৫০ যাত্রী জিম্মি


আজ পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে একটি চলন্ত ট্রেনে হামলা চালিয়ে সেটির নিয়ন্ত্রণ নেয় বিচ্ছিন্নতাবাদী সংগঠন বেলুচিস্তান লিবারেশন আর্মি।
প্রকাশের সময় :১১ মার্চ, ২০২৫ ৬:১৫ : অপরাহ্ণ

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিম বেলুচিস্তান প্রদেশে একটি চলন্ত ট্রেনে হামলা চালিয়েছে বিচ্ছিন্নতাবাদী সংগঠন বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ)। হামলাকারীদের গুলিতে ট্রেনের চালক ও কয়েকজন যাত্রী আহত হন। পরে সশস্ত্র হামলাকারীরা ট্রেনে উঠে সেটির নিয়ন্ত্রণ নিয়ে নেয়। ট্রেনটিতে ৪৫০ জন যাত্রী রয়েছে।

আজ মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। ট্রেনটি সকাল ৯টার দিকে কোয়েটা থেকে যাত্রা শুরু করে উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের পেশাওয়ারের উদ্দেশে রওনা হয়েছিল।

বিচ্ছিন্নতাবাদী সংগঠন বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) হামলার দায় স্বীকার করে এক বিবৃতিতে বলেছে, বন্দুকধারীরা রেললাইনে বোমা বিস্ফোরণ ঘটিয়ে ট্রেনটির নিয়ন্ত্রণ নেয় এবং প্রত্যন্ত সিবি জেলায় ট্রেনটি থামিয়ে দেয়।

বিএলএ হুঁশিয়ারি দিয়েছে, জিম্মিদের উদ্ধারে কোনো চেষ্টা করা হলে ‘গুরুতর পরিণতি’ ভোগ করতে হবে।

প্রাদেশিক রাজধানী কোয়েটার জ্যেষ্ঠ রেলওয়ে কর্মকর্তা মুহাম্মদ কাশিফ এএফপিকে জানান, ‘ট্রেনের ভেতরে থাকা ৪৫০ জনের বেশি যাত্রীকে বন্দুকধারীরা জিম্মি করে রেখেছে। যাত্রীদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছে।’

এ ছাড়া সিবির পার্শ্ববর্তী এলাকা থেকে নাম না প্রকাশের শর্তে এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা বলেন, ‘জাফর এক্সপ্রেস নামের একটি যাত্রীবাহী ট্রেনকে জঙ্গিরা থামিয়ে দেয়। যাত্রীদের জিম্মি করে রাখা হয়েছে এবং ট্রেনচালক আহত হয়েছেন।’

ট্রেনটি যেখানে আটকে আছে, সেই অঞ্চলটি পাহাড়বেষ্টিত হওয়ায় জঙ্গিদের জন্য আশ্রয়স্থল তৈরি করা ও হামলার পরিকল্পনা করা সহজ হয়।

একজন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, আশপাশের হাসপাতালগুলোতে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

গত নভেম্বরে, বেলুচিস্তানের একটি রেলওয়ে স্টেশনে পাকিস্তানি সৈন্যদের লক্ষ্য করে আত্মঘাতী হামলা চালিয়েছিল এই গোষ্ঠীর সদস্যরা। ওই হামলায় বেসামরিক পোশাক পরিহিত ১৯ সৈন্যসহ অন্তত ২৭ জন নিহত হন। সৈন্যরা ছুটিতে বাড়ি ফেরার জন্য ট্রেনে ওঠার কয়েক মিনিট আগেই হামলার শিকার হন।

বছরের পর বছর ধরে পাকিস্তানের খনিজসমৃদ্ধ দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে বিদ্রোহ চালিয়ে আসছে বিচ্ছিন্নতাবাদীরা। স্বাধীন বেলুচিস্তানের দাবিতে তারা আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষ চালিয়ে যাচ্ছে।

এই প্রদেশে সোনা ও তামার খনির পাশাপাশি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ গোয়াদর বন্দর রয়েছে, যেখানে চীনের বিশাল বিনিয়োগ রয়েছে।

আরও পড়ুন: জিয়াউর রহমানের স্বাধীনতা পদক পুনর্বহাল, এবার পুরস্কার পাচ্ছেন ৭ জন

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর