, | |

মূলপাতা জাতীয়

দেশ এখনো অস্থিতিশীল, এ বছর নির্বাচন আয়োজন কঠিন: নাহিদ ইসলাম


জাতীয় নাগরিক পার্টির আহবায়ক নাহিদ ইসলাম
প্রকাশের সময় :৬ মার্চ, ২০২৫ ৮:০২ : অপরাহ্ণ

দেশে এখনো অস্থিতিশীলতা বিরাজ করায় এ বছর জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করা কঠিন হতে পারে বলে মন্তব্য করেছেন নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

তিনি বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার এখনো জনগণের নিরাপত্তা পুরোপুরি নিশ্চিত করতে পারেনি। দেশ এখনো অস্থিতিশীল। তাই এ বছর জাতীয় নির্বাচন অনুষ্ঠান কঠিন হবে।’

লন্ডন ভিত্তিক আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘গত সাত মাসে আমরা সবাই আশা করেছিলাম, স্বল্পমেয়াদি সংস্কারের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে। কিছুটা উন্নতি হয়েছে, তবে আমাদের প্রত্যাশার তুলনায় তা পর্যাপ্ত নয়।’

জাতীয় নাগরিক পার্টির আহবায়ক বলেন, ‘বর্তমান আইনশৃঙ্খলা ও পুলিশের পরিস্থিতি দেখে মনে হচ্ছে, এর মধ্যে জাতীয় নির্বাচন আয়োজন করা সম্ভব নয়।’

২৬ বছর বয়সী এই রাজনীতিবিদ নির্বাচনের সময় নিয়ে সন্দেহ প্রকাশ করে বলেন, ‘যখনই নির্বাচন হোক, আমরা অংশ নিতে প্রস্তুত। তবে নির্বাচনের আগে ‘জুলাই বিপ্লবের ঘোষণা’ নিয়ে রাজনৈতিক দল ও ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে ঐকমত্যে পৌঁছানো জরুরি। এই ঘোষণাপত্রটি বিভিন্ন রাজনৈতিক দল ও ছাত্র নেতাদের সঙ্গে আলোচনার মাধ্যমে প্রস্তুত করা হবে এবং এতে বাংলাদেশি জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন থাকবে। এছাড়া, গত বছরের সহিংসতায় নিহত এক হাজার মানুষের স্মরণে এটি প্রণয়ন করা হবে।’

 

নাহিদের ভাষ্য, ‘আমরা যদি এক মাসের মধ্যে ঐকমত্যে পৌঁছাতে পারি, তাহলে নির্বাচনের জন্য তৎক্ষণাৎ প্রস্তুত হবো। কিন্তু যদি বেশি সময় লাগে, তাহলে নির্বাচন পেছানো উচিত।’

বাংলাদেশের বিভিন্ন ধনী ব্যক্তি নাগরিক পার্টিকে অর্থায়ন করছেন উল্লেখ করে এই রাজনীতিবিদ বলেন, ‘আমরা শিগগির নতুন অফিসের জন্য অর্থায়ন শুরু করবো এবং নির্বাচনের জন্য একটি তহবিল গঠন করবো।’

রয়টার্সের প্রতিবেদন বলছে, রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, নতুন এ দল জাতীয় রাজনীতিকে নতুনত্ব আনতে পারে। কয়েক দশক ধরে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) বাইরে রাজনীতিতে নতুন ধারা যোগ করতে পারে এটি।

প্রসঙ্গত, গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালান সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর গত ৮ আগষ্ট অন্তর্বর্তী সরকার প্রধানের দায়িত্ব নেন ড. মুহাম্মদ ইউনূস। সম্প্রতি বিভিন্ন সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা এ বছরের শেষ দিকে নির্বাচন আয়োজনের কথা বলেছেন।

আরও পড়ুন: আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে কি না, সিদ্ধান্ত তাদের: ড. ইউনূস

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর