স্পোর্টস ডেস্ক
প্রকাশের সময় : ৫ মার্চ ২০২৫, ১১:২৪ অপরাহ্ণ
চলমান চ্যাম্পিয়নস ট্রফিতে ব্যাট হাতে পুরোপুরি ব্যর্থ হয়েছেন মুশফিকুর রহিম। যা নিয়ে ব্যাপক সমালোচনা শিকার হয়েছেন তিনি। এর মাঝেই আলোচনায় ছিল তার অবসর ইস্যু। অবশেষে ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানালেন এই অভিজ্ঞ ব্যাটার।
আজ বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এক পোস্টে এই ঘোষণা দিয়েছেন তিনি। তবে খেলে যাবেন আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট ক্রিকেট। এর আগে টি-২০ ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তিনি।
সম্প্রতি ফর্ম খারাপ হলেও অভিজ্ঞতার বিচারে চ্যাম্পিয়নস ট্রফির বিমানে উঠেছিলেন মুশফিকুর রহিম। তবে ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি। বিপরীতে দলের খারাপ সময়ে বাজে শট খেলে আউট হওয়ায় সমালোচনার মুখে পড়তে হয়েছে এই অভিজ্ঞ ব্যাটারকে।
শুধু ব্যর্থ বললেও ভুল হবে, দলের খারাপ সময়ে যেভাবে আউট হয়েছে তা খুবই হতাশার। নিউজিল্যান্ড মুশফিকের আউটের পর জনপ্রিয় ধারাভাষ্যকার ইয়ান স্মিথ তো বলেই ফেললেন, এতো অভিজ্ঞ এমন শট খুবই হতাশার।
প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে শূন্য রানে আউট হন, পরের ম্যাচে করেন মাত্র ২ রান। ব্যর্থতা মেনে নিয়ে এবার ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলে দিলেন মুশফিকুর রহিম।
পোস্টে মুশফিক লিখেছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের মত ওডিআই ফরম্যাটের অবসরের ঘোষণা দিচ্ছি। সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। যদিও আমাদের অর্জন বৈশ্বিক পর্যায়ে সীমিত ছিল, একটা জিনিস নিশ্চিত: যখনই আমি দেশের জন্য মাঠে নামলাম, আমি ১০০% এর বেশি দিয়েছি নিষ্ঠা ও সততার সাথে।
চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে তিনি বলেন, গত কয়েক সপ্তাহ আমার জন্য খুব চ্যালেঞ্জিং ছিল, এবং আমি বুঝতে পেরেছি যে এটাই আমার নিয়তি। আল্লাহ কুরআনে ইরশাদ করেন: “ওয়া তু’ইজ্জু মান তাশা’ ওয়া তু’যিলু মান তাশা’”- “এবং তিনি যাকে ইচ্ছা সম্মানিত করেন, এবং যাকে ইচ্ছা লাঞ্ছিত করেন। ” (৩:২৬)
সর্বশক্তিমান আল্লাহ আমাদের ক্ষমা করুন এবং সবাইকে সঠিক ইমান দান করুন।
মুশফিক এর আগে ২০২২ সালের সেপ্টেম্বরে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন। সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে জাতীয় দলের হয়ে ওয়ানডে খেলেছেন তিনি। কিন্তু ব্যাট হাতে ভালো করতে পারেননি। তাদের বাদ দিয়ে ২০২৭ বিশ্বকাপের পরিকল্পনা হাতে নিয়েছে বিসিবি। বোর্ড পরিচালক নাজমুল আবেদিন ফাহিমের মুশফিক ও মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে বসার কথা ছিল। তারই অংশ হিসেবে অবসরের ঘোষণা দিয়েছেন তিনি।
জাতীয় দলের জার্সিতে ২০০৫ সালে টেস্ট অভিষেক হয় মুশফিকের। পরের বছর জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় তার। তিনি ২৭৪ ওয়ানডের ক্যারিয়ারে ৭৭৯৫ রান করেছেন। নয়টি সেঞ্চুরি ও ৪৯টি ফিফটি করেছেন ডানহাতি এই ব্যাটার।
আরও পড়ুন: জোটে যাবে না জাতীয় নাগরিক পার্টি, ৩০০ আসনে দেবে প্রার্থী
