দেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল রোববার থেকে মাসব্যাপী সিয়াম সাধনা শুরু হচ্ছে। সে হিসেবে আজ শনিবার এশার নামাজের পর তারাবির নামাজ শুরু হবে।
আজ সন্ধ্যায় দেশের বিভিন্ন স্থানে রমজানের চাঁদ দেখা গেছে।
ইসলাম ধর্মের বিধান অনুযায়ী, রমজানের চাঁদ দেখা যাওয়ায় আজ রাতে সাহরি খেয়ে আগামীকাল প্রথম দিনের রোজা রাখবেন ধর্মপ্রাণ মুসল্লিরা।
এদিকে সৌদি আরবে গতকাল শুক্রবার পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে দেশগুলোতে আজ রোববার থেকে রোজা শুরু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যাওয়ায় সৌদি আরবে আজ থেকে রোজা শুরু হয়েছে। সৌদি আরবের পাশাপাশি ইন্দোনেশিয়া, আরব আমিরাতেও আজ থেকে রোজা শুরু হয়েছে। তবে মালয়েশিয়া ও ব্রুনাইয়ে চাঁদ দেখা না যাওয়ায় আগামীকাল রোববার থেকে এসব দেশে পবিত্র রোজা শুরু হবে।
ইসলাম ধর্মাবলম্বীদের কাছে একটি পবিত্র মাস রমজান। ইসলাম ধর্মের ৫টি মূল ভিত্তির অন্যতম রোজা। এটি সকল সুস্থ মুসলিমের জন্য বাধ্যতামূলক। তবে ছোট শিশু, অসুস্থ ব্যক্তি, ভ্রমণকারী, গর্ভবতী, দুধপান করানো বা ঋতুমতী নারীদের রোজা না রাখার ব্যাপারে শিথিলতা রয়েছে।
ধর্মপ্রাণ মুসলমানদের কাছে রমজান সংযম, আত্মশুদ্ধি ও ত্যাগের মাস। রহমত (আল্লাহর অনুগ্রহ), মাগফেরাত (ক্ষমা) ও নাজাত (দোজখের আগুন থেকে মুক্তি)- এ তিন অংশে বিভক্ত এ মাস।
এ মাসে সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার, স্ত্রী-সহবাস ও যে কোনো ধরনের পাপ কাজ থেকে বিরত থাকার মাধ্যমে রোজা পালন করেন মুসলমানরা।
এ মাসের শেষ অংশে রয়েছে হাজার মাসের ইবাদতের চেয়েও উত্তম লাইলাতুল কদরের রাত।
ইসলাম ধর্ম অনুযায়ী, এ মাসে প্রতিটি নেক আমলের সওয়াব আল্লাহতায়ালা ৭০ গুণ বাড়িয়ে দেন। রমজান শেষেই দেখা মিলবে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতরের।
আরও পড়ুন: নামাজে সিজদার সময় আগে নাক না কপাল রাখতে হবে?
