সৌদি আরবে হিজরি ১৪৪৬ সনের রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল শনিবার থেকে দেশটিতে রোজা শুরু হচ্ছে।
এছাড়া সংযুক্ত আরব আমিরাতেও রমজানের চাঁদ দেখা গেছে। এই প্রথম দেশটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে চাঁদ দেখেছে।
সৌদি আরবে চাঁদ দেখার জন্য কয়েকটি পর্যবেক্ষণ কেন্দ্র রয়েছে। এর মধ্যে রাজধানী রিয়াদের কাছের সুদাইর এবং তুমাইর পর্যবেক্ষণ কেন্দ্রে চাঁদ দেখার সবচেয়ে বড় প্রস্তুতি গ্রহণ করা হয়। তবে, তুমাইরে বিকেল থেকেই আকাশ মেঘলা হওয়া শুরু করে। এতে করে সেখান থেকে খালি চোখে চাঁদ দেখা কষ্টকর হয়ে পড়ে।
দুই পবিত্র মসজিদভিত্তিক ওয়েবসাইট ‘ইনসাইড দ্য হারামাইন’ বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে জানায়, পূর্বাঞ্চলীয় এলাকাগুলোতে সূর্য অস্ত গেছে, তবে ওই অঞ্চলে চাঁদ দেখা যায়নি। কিন্তু ওই সময়ও দেশের অন্য পর্যবেক্ষণ কেন্দ্রে অনুসন্ধান অব্যাহত থাকে। এরপর ৫টা ৫৭ মিনিটে তারা চাঁদ দেখতে পাওয়ার খবর দেয়।
এক ফেসবুক পোস্টে ‘ইনসাইড দ্য হারামাইন’ জানায়, সৌদি আরবের আকাশে শুক্রবার রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে ২৯ দিনে শেষ হচ্ছে শাবান মাস। আর রমজানের প্রথম দিন হবে আগামীকাল শনিবার।
এ বছর চাঁদ দেখে বিশ্বে সবার আগে রমজান শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দেয় অস্ট্রেলিয়া। এরপর সর্ববৃহৎ মুসলিম দেশ ইন্দোনেশিয়া থেকেও একই ঘোষণা আসে। যদিও ইন্দোনেশিয়ার প্রতিবেশী ব্রুনাই ও মালয়েশিয়ায় রমজানের চাঁদ দেখা যায়নি। এ কারণে এ দুটি দেশে ২ মার্চ থেকে পবিত্র রমজান শুরু হবে। এছাড়া ফিলিপাইনও পরবর্তীতে জানায়, তাদের এখানেও আজ রাতে চাঁদ দেখা যায়নি।
অপরদিকে আফ্রিকার দেশ তানজানিয়া, ইথিওপিয়ায় রমজানের চাঁদ দেখা যায়। এছাড়া ফ্রান্সও কাল শনিবার থেকে রমজান শুরুর ঘোষণা দেয়।
আরও পড়ুন: আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ রাখছে বাংলাদেশ
