, | |

মূলপাতা আন্তর্জাতিক

ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন


ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং
প্রকাশের সময় :২৬ ডিসেম্বর, ২০২৪ ১১:৪২ : অপরাহ্ণ

ভারতের সাবেক প্রধানমন্ত্রী ও দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের প্রবীণ নেতা মনমোহন সিং মারা গেছেন। আজ বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৯টা ৫১মিনিটে নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেসে (এআইআইএমএস) মৃত্যুবরণ করেন তিনি। তার বয়স হয়েছিলো ৯২ বছর।

এক বিবৃতিতে এআইআইএমএস বলেছে, কংগ্রেসের প্রবীণ নেতা মনমোহন সিংকে বয়সজনিত অসুস্থতার কারণে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেসে ভর্তি করা হয়েছিল। বৃহস্পতিবার হঠাৎ করেই নিজ বাড়িতে চেতনা হারিয়ে ফেলেছিলেন তিনি। হাসপাতালে আনার পর চিকিৎসকদের সকল প্রচেষ্টা সত্ত্বেও তার চেতনা ফেরানো যায়নি।

ভারতীয় সংবাদমাধ্যেমের খবরে বলা হয়, শারীরিক অবস্থার আকস্মিক অবনতি হওয়ায় বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৮টার দিকে ভারতের বিশিষ্ট অর্থনীতিবিদদের অন্যতম মনমোহন সিংকে হাসপাতালে নেওয়া হয়। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে সে সময় জানানো হয়েছিল। পরে হাসপাতালের চিকিৎসকরা রাত ৯ টা ৫১মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।

 

এর আগে ২০০৯ সালে দিল্লির এআইআইএমএসে মনমোহন সিংয়ের সফল করোনারি বাইপাস সার্জারি সম্পন্ন হয়। ২০২১ সালে মহামারির সময় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কয়েকদিন হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। পরে শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় হাসপাতাল থেকে বাসায় ফেরেন তিনি।

২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত পরপর দুই মেয়াদে ভারতের কংগ্রেস নেতৃত্বাধীন জোটের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন মনমোহন সিং। তার নেতৃত্বে কংগ্রেস গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করে।

চলতি বছরের শুরুর দিকে রাজ্যসভা থেকে অবসর নেন মনমোহন সিং। এর আগে রাজ্যসভার সদস্য হিসেবে দীর্ঘদিন দেশের রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করেন তিনি।

এই প্রবীণ নেতার মৃত্যুতে ভারতের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তার অবদানকে স্মরণ করে রাজনৈতিক নেতারা শ্রদ্ধা জানাচ্ছেন।

ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শোক প্রকাশ করেছেন। তিনি মনমোহন সিংয়ের পরিবারের উদ্দেশে সমবেদনা জানিয়েছেন। সেই সঙ্গে নিজে ডুব দিয়েছেন স্মৃতির সাগরে। তিনি যে সময়ে গুজরাতের মুখ্যমন্ত্রী ছিলেন, সে সময়ে প্রধানমন্ত্রীর পদে ছিলেন মনমোহন। সেই সময়ের স্মৃতি রোমন্থন করেছেন মোদি। জানিয়েছেন, প্রাক্তন প্রধানমন্ত্রীর সঙ্গে প্রায়ই তার কথা হত। নানা বিষয়ে তারা নিজেদের মধ্যে আলোচনা করতেন।

প্রসঙ্গত, ১৯৩২ সালের ২৬ সেপ্টেম্বর পশ্চিম পাঞ্জাবের গাহে জন্মগ্রহণ করেন মনমোহন সিং। গাহে এলাকাটি বর্তমানে পাকিস্তানের অংশ। ১৯৪৭ সালে দেশভাগের সময় তার পরিবার ভারতে চলে আসে। রাজনৈতিক জীবনে পা রাখার আগে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার গভর্নর ছিলেন মনমোহন সিং। ভারতের প্রবীণ রাজনীতিক মনমোহন সিং ১৯৭১ সালে দেশটির সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ে অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে প্রথম যোগদান করেন।

পরে তিনি ১৯৯১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত ভারতের অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০১৪ সালে তিনি ভারতের ১৪তম প্রধানমন্ত্রী নির্বাচিত হন। কংগ্রেস জোটের প্রধানমন্ত্রী হিসেবে দুই মেয়াদে দায়িত্ব পালন করেছিলেন তিনি। চলতি বছরের শুরুর দিক পর্যন্ত রাজ্যসভার সদস্য হিসাবে দায়িত্ব পালন করেছিলেন তিনি। গত এপ্রিলে রাজ্যসভা থেকে অবসরে যান ভারতের অর্থনৈতিক সংস্কারের অন্যতম এই রূপকার।

আরও পড়ুন: হাসিনাকে ফেরত চেয়ে চিঠি, এখনো জবাব দেয়নি ভারত

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর