, | |

মূলপাতা জাতীয়

ড. ইউনূসের অন্তর্বর্তী সরকারের শপথ আজ, উপদেষ্টা হচ্ছেন কারা


নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস
প্রকাশের সময় :৮ আগস্ট, ২০২৪ ১০:০৫ : পূর্বাহ্ণ

রাষ্ট্রক্ষমতার পটপরিবর্তনের তিন দিন পর আজ দায়িত্ব নিতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের প্রস্তাব অনুযায়ী এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে আজ রাত ৮টায় বঙ্গভবনে শপথ নিতে যাচ্ছেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। তার নেতৃত্বে এ সরকারের সদস্য সংখ্যা ১৫ জনের মতো হতে পারে।

উপদেষ্টাদের শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। অন্তর্বর্তীকালীন সরকারের শপথ উপলক্ষ্যে ইতিমধ্যে যাবতীয় প্রস্তুতি নিতে শুরু করেছে বঙ্গভবন কর্তৃপক্ষ।

চিকিৎসার জন্য ফ্রান্সের রাজধানী প্যারিসে যাওয়া ড. ইউনূস আজ দুপুরে ঢাকায় পৌঁছাবেন। গতকাল বুধবার ইউনূস সেন্টারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ড. ইউনূসের একটি মাইনর অপারেশন হয়েছে। বৃহস্পতিবার তিনি দেশে পৌঁছাবেন। ড. ইউনূসকে বহনকারী উড়োজাহাজ আজ দুপুর ২টা ১০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা নিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও তিন বাহিনীর প্রধানদের সঙ্গে গত মঙ্গলবার রাতে দীর্ঘ বৈঠক করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৩ সদস্যের একটি প্রতিনিধিদল। তাদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষক অধ্যাপক ড. আসিফ নজরুল ও অধ্যাপক ড. তানজীম উদ্দীন খানও ছিলেন। ঐ বৈঠকেই ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে।

এদিকে ড. ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারে উপদেষ্টা হিসেবে কারা থাকছেন এ নিয়ে চলছে নানা জল্পনা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক সমন্বয়কের সূত্রে জানা গেছে, সম্ভাব্য উপদেষ্টাদের মধ্যে ড. সালেহউদ্দিন আহমেদ, ওয়াহিদউদ্দিন মাহমুদ, আলী ইমাম মজুমদার, ড. শাহ্দীন মালিক, ড. তাসনিম আরেফা সিদ্দিকী, মো. তৌহিদ হোসেন, শহীদুল্লাহ খান বাদল, ড. আসিফ নজরুল, আদিলুর রহমান, ব্যারিস্টার সারা হোসেন, সৈয়দা রিজওয়ানা হাসান প্রমুখ থাকতে পারেন।

ড. ইউনূসের সঙ্গে কথা হয়েছে জানিয়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান গতকাল বিকালে সেনা সদরে এক ব্রিফিংয়ে বলেছেন, ‘তাকে আমরা রিসিভ করার জন্য বিমানবন্দরে যাব। তিনি আমাদের কাজকে স্বাগত জানিয়েছেন। আমরা সবাই মিলে তাকে সাহায্য করবো।’

এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিতে যাওয়া ড. মুহাম্মদ ইউনূস গতকাল দেশবাসীর উদ্দেশে দেওয়া এক বার্তায় সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। বার্তায় তিনি বলেন, ‘আমি সাহসী ছাত্রদের অভিনন্দন জানাই, যারা আমাদের দ্বিতীয় বিজয় দিবসকে বাস্তবে রূপ দিতে নেতৃত্ব দিয়েছেন এবং অভিনন্দন জানাই দেশের আপামর জনসাধারণকে, যারা ছাত্রদের এই আন্দোলনে পূর্ণ সমর্থন দিয়েছেন।’

নতুন এই বিজয়ের সর্বোত্তম সদ্ব্যবহার নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে এই নোবেলজয়ী বলেন, ‘আমাদের কোনো প্রকার ভুলের কারণে এই বিজয় যেন হাতছাড়া হয়ে না যায়। আমি সবাইকে বর্তমান পরিস্থিতিতে শান্ত থাকতে এবং সব ধরনের সহিংসতা, স্থাবর-অস্থাবর সম্পদ বিনষ্ট করা থেকে বিরত থাকতে আহ্বান জানাচ্ছি।’

ছাত্র-দলমত নির্বিশেষে সবাইকে শান্ত থাকার জন্য অনুরোধ জানিয়ে ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘আমাদের প্রিয় এই সুন্দর ও বিপুল সম্ভাবনাপূর্ণ দেশটিকে নিজেদের ও পরবর্তী প্রজন্মের জন্য রক্ষা করা এবং একে এগিয়ে নিয়ে যাওয়াই এখন প্রধান কাজ। একটি নতুন পৃথিবী বিনির্মাণে আমাদের তরুণেরা প্রস্তুত। অকারণে সহিংসতা করে সুযোগটি আমরা হারাতে পারি না।’

উল্লেখ্য, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচির সময় লাখো মানুষ রাস্তায় নেমে আসেন। ছাত্র-জনতার অবিস্মরণীয় অভ্যুত্থানের মুখে পতন হয় শেখ হাসিনা সরকারের। ওই দিন বেলা আড়াইটার দিকে শেখ হাসিনা গণভবন থেকে হেলিকপ্টারে করে বঙ্গভবনে যান। সেখানে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। এরপর বিমানবাহিনীর একটি হেলিকপ্টারে করে ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে দেশ থেকে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর বদলে যেতে শুরু করে দেশের সার্বিক চিত্র।

শেখ হাসিনার পদত্যাগের পর জাতির উদ্দেশে ভাষণে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে দেশ পরিচালনা করা হবে।

এরই মধ্যে গত ৬ আগস্ট দুপুরে জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

আরও পড়ুন:

শেখ হাসিনা ক্ষমতা ছাড়ার শেষ চার ঘণ্টা যা ঘটেছিল

আওয়ামী লীগের প্রভাবশালী মন্ত্রী-এমপিরা কে কোথায়

পালাতে গিয়ে বিমানবন্দরে আটক মেজর জেনারেল জিয়াউল আহসান

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর