অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
আজ বৃহস্পতিবার রাত ৯টা ১৪ মিনিটে বঙ্গভবনে শপথ গ্রহণ করেন তিনি।
বঙ্গবনের দরবার হলে প্রায় ৪০০ অতিথির উপস্থিতিতে তাকে শপথ পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
ড. ইউনূসের পর শপথ নেন ১৩ উপদেষ্টা। তারা হলেন-ড. সালেহ উদ্দিন আহমেদ, ড. আসিফ নজরুল, আদিলুর রহমান খান, হাসান আরিফ, তৌহিদ হোসেন, সৈয়দা রিজওয়ানা হাসান, মো. নাহিদ ইসলাম (ছাত্র প্রতিনিধি), আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া (ছাত্র প্রতিনিধি), ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন, ফরিদা আখতার, বিধান রঞ্জন রায়, ড. আ ফ ম খালিদ হোসেন, নুরজাহান বেগম এবং শারমিন মুরশিদ।
শপথ গ্রহণের কথা থাকলেও ঢাকার বাহিরে অবস্থান করায় অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি সুপ্রদিপ চাকমা, বিধান রঞ্জন রায় এবং ফারুকী আযম।
শপথ শুরুর আগে ছাত্রদের অভ্যুত্থানে শহীদদের স্মরণে বঙ্গভবনে উপস্থিত সবাই এক মিনিট নীরবতা পালন করেন।
অনুষ্ঠানে অনুষ্ঠানে রাজনীতিক, শিক্ষাবিদ, কূটনীতিকসহ সরকারি ও সামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ড. মুহাম্মদ ইউনূসের নাম প্রস্তাব করেছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তাদের প্রস্তাবে সাড়া দিয়ে বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে ফ্রান্স থেকে দেশে ফিরেন তিনি।
এর আগে ড. ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা রেখে মোট ১৭ সদস্যের উপদেষ্টাদের নামের তালিকা প্রকাশ করে মন্ত্রিপরিষদ বিভাগ।
উল্লেখ্য, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচির সময় লাখো মানুষ রাস্তায় নেমে আসেন। ছাত্র-জনতার অবিস্মরণীয় অভ্যুত্থানের মুখে পতন হয় শেখ হাসিনা সরকারের। ওই দিন বেলা আড়াইটার দিকে শেখ হাসিনা গণভবন থেকে হেলিকপ্টারে করে বঙ্গভবনে যান। সেখানে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। এরপর বিমানবাহিনীর একটি হেলিকপ্টারে করে ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে দেশ থেকে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর বদলে যেতে শুরু করে দেশের সার্বিক চিত্র।
শেখ হাসিনার পদত্যাগের পর জাতির উদ্দেশে ভাষণে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে দেশ পরিচালনা করা হবে।
এরই মধ্যে গত ৬ আগস্ট দুপুরে জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
আরও পড়ুন: ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারে উপদেষ্টা আছেন যারা
