ভারতের নতুন সরকারের শপথ অনুষ্ঠানে অংশ নিতে আগামী শনিবার (৮ জুন) দিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হচ্ছেন নরেন্দ্র মোদি।
আগামী রোববার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় দিল্লির রাষ্ট্রপতি ভবনে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান হবে।
এর আগে গত বুধবার সন্ধ্যায় ফোনালাপের মাধ্যমে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানান শেখ হাসিনা। বিজেপির নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ) বিজয়ী হওয়ায় ভারতের প্রধানমন্ত্রীকে বাংলাদেশের জনগণ, সরকার এবং ব্যক্তিগত ও পরিবারের পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, বুধবার সন্ধ্যায় দুই নেতার মধ্যে এ ফোনালাপে নরেন্দ্র মোদি ভারতের নতুন সরকারের শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানান। তিনি আমন্ত্রণ গ্রহণ করেন।
শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রীকে বলেন, আপনার শক্তিশালী নেতৃত্বের কারণে এনডিএর এই বিজয় সম্ভব হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশা প্রকাশ করেন, এই বিজয়ের মধ্য দিয়ে ভারত ও তার জনগণ বিশ্ব অঙ্গনে আরও এগিয়ে যাবে।
বাংলাদেশ এবং ভারতের মধ্যেকার সৌহার্দ্যপূর্ণ, বন্ধুত্বপূর্ণ ও সুপ্রতিবেশি সুলভ সম্পর্কের কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সবশেষে বার্তায় নরেন্দ্র মোদির উদ্দেশে শেখ হাসিনা বলেন, ‘আমি আগামী দিনে আপনার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অপেক্ষায় রইলাম।’
জানা যায়, শেখ হাসিনার ওই অভিনন্দন বার্তার পরিপ্রেক্ষিতে বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন নরেন্দ্র মোদি।
‘এক্সয়ে’ এক বার্তায় মোদি বলেন, ‘আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার আন্তরিক শুভেচ্ছার জন্য ধন্যবাদ জানাই। ভারত ও বাংলাদেশের মধ্যে ঐতিহাসিক সম্পর্ক রয়েছে, যা গত এক দশকে অভূতপূর্বভাবে বৃদ্ধি পেয়েছে। আমি আমাদের জনকেন্দ্রিক অংশীদারত্বকে আরো শক্তিশালী করতে একসঙ্গে কাজ করার জন্য উন্মুখ।’
