নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময় : ২৬ সেপ্টেম্বর ২০২২, ৩:৪৭ অপরাহ্ণ
দেশে গত ৮ দিন ধরে লাফিয়ে বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় (গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত) করোনায় ছয়জনের মৃত্যু হয়েছে। এ সময় ৭১৮ জন নতুন রোগী শনাক্ত হয়েছে।
দেশে এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ২২ হাজার ৪০৮ জনে। আর মোট মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ৩৫৯ জনে দাঁড়িয়েছে।
আজ সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গতকাল রোববার করোনায় দুজনের মৃত্যু হয়। এ সময় করোনা শনাক্ত হয় ৫৭২ জনের।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ২৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ৫৮ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৪৩৬ জন। এ নিয়ে দেশে মোট ১৯ লাখ ৬৩ হাজার ৩০৮ জন করোনা থেকে সুস্থ হয়েছেন।
২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
