বিএনপির আন্দোলনের নামে আগুন সন্ত্রাস এবং দেশ ও সরকারবিরোধী আল জাজিরার অপপ্রচার একই সূত্রে গাঁথা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আজ (২৩ ফেব্রুয়ারি) মঙ্গলবার সকালে পাবনা জেলার চাটমোহর উপজেলা সম্মেলনে রাজধানী থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের রাজনীতিতে বিএনপির আন্দোলন ভাবনায় সংকটের কালো ছায়া ফেলেছে। নিজেদের ব্যর্থতা ঢাকতেই মানুষের স্বস্তি নষ্ট করার পাঁয়তারা করছে বিএনপি।
আন্দোলন ও নির্বাচনে ব্যর্থতার মতো ভ্যাকসিন নিয়েও বিএনপির অপরাজনীতি জনগণ প্রত্যাখ্যান করেছে উল্লেখ করে তিনি বলেন, তারা ভ্যাকসিন নিয়ে সংশয় সৃষ্টি এবং দুর্নীতির যে গল্প তৈরির অপচেষ্টা করেছিল তা হালে পানি পায়নি। মাত্র ১৩ দিনে দেশে ২৩ লাখ মানুষের ভ্যাকসিন গ্রহণ শেখ হাসিনার সুদক্ষ ও দেশপ্রেমিক নেতৃত্বের সোনালী বার্তা।
নেতা-কর্মীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, নেতা বানাতে হবে কর্মীদের সমর্থন ও মতামতের ভিত্তিতে। সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন করতে হবে, পকেট কমিটি করা যাবে না।
পাবনা জেলার চাটমোহর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, কেন্দ্রীয় সদস্য মেরিনা জাহান কবিতা, নুরুল ইসলাম ঠান্ডু,আবদুল আউয়াল শামীম, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্সসহ চাটমোহর উপজেলার নেতৃবৃন্দ।
