শুভ বিজয়া দশমী আজ। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। তাই মণ্ডপে-মণ্ডপে এখন বাজছে বিদায়ের সুর।
প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আজ বুধবার শেষ হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। দেবী দুর্গাকে বিদায় জানাতে সারাদেশের পূজামণ্ডপে আয়োজন হয়েছে নানা ধর্মীয় আচার-অনুষ্ঠান।
বিকেল ৪টার দিকে ঢাকেশ্বরী মন্দিরের প্রতিমা নিয়ে শোভাযাত্রা শুরু হবে। শোভাযাত্রাটি পলাশী, জগন্নাথ হল, দোয়েল চত্বর, গুলিস্তান মোড়, নবাবপুর রোড ও রায়সাহেব বাজার হয়ে ওয়াইজঘাটে যাবে।
তিথি অনুযায়ী, দেবী দুর্গা এবার এসেছিলেন ঘোড়ায় চড়ে, আর যাচ্ছেন নৌকায়। বিজয়া দশমী উপলক্ষে বিকেলে বিভিন্ন পূজামণ্ডপে অনুষ্ঠিত হবে সিঁদুর খেলা। বিবাহিত নারীরা স্বামী ও পরিবারের মঙ্গল কামনায় দেবীকে সিঁদুর নিবেদন এবং একে অপরকে সিঁদুর পরিয়ে এ আয়োজনে অংশ নেবেন। এরপর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে পাঁচ দিনব্যাপী দুর্গোৎসব।
ভক্তদের বিশ্বাস, নবমীতে দেবী দুর্গার মহিষাসুর বধ আর রামের হাতে রাক্ষসরাজ রাবনের পরাভূত হওয়া মধ্য দিয়ে বিজয়া দশমী অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির বিজয়ের প্রতীক।
দেবী দুর্গার বিদায়ে ভক্তদের মনে বিষাদের সুর। সেই সাথে আগামী বছর আবারও দেবীর আগমনের প্রত্যাশায় অপেক্ষা শুরু হয়। সম্প্রীতি, শান্তি ও কল্যাণের প্রার্থনায় উৎসবমুখর পরিবেশে শেষ হচ্ছে এবারের শারদীয় দুর্গোৎসব।
গত ১৬ অক্টোবর ষষ্ঠীপূজার মধ্য দিয়ে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হয়। আনন্দ উৎসবের পর আজ বিজয়া দশমীর দিন দেবী বিসর্জনের মাধ্যমে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শেষ হবে।
শারদীয় দুর্গোৎসবকে ঘিরে রাজধানীর বিভিন্ন এলাকা এক ভিন্ন সাজে সজ্জিত হয়। মণ্ডপ প্রাঙ্গণে তৈরি করা হয় বর্ণিল তোরণ। বিভিন্ন পূজামণ্ডপে এ উপলক্ষে বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করা হয়।
এ বছর সরকার নির্বাহী আদেশের মাধ্যমে দুর্গাপূজার ছুটি তিনদিন পর্যন্ত বর্ধিত করে। শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটির সঙ্গে এই বর্ধিত ছুটি যুক্ত হয়ে ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত মোট পাঁচ দিনের ছুটি পাওয়া যাবে।
