, | |

মূলপাতা জাতীয়

মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা


কুয়ালালামপুরে আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়।
রাজনীতি সংবাদ প্রতিবেদক প্রকাশের সময় :২১ জুন, ২০২৬ ৯:৩১ : অপরাহ্ণ

প্রধানমন্ত্রী তারেক রহমান কুয়ালালামপুরে পৌঁছেছেন। আজ রোববার স্থানীয় সময় রাত ৯টায় কুয়ালালামপুরের আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে তাকে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার জানানো হয়।

বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মালয়েশিয়ার ধর্মমন্ত্রী জুলকিফলি হাসান ও তার সহধর্মিণী। ছোট শিশু মাইসা নুর আইশা ফুল দিয়ে শুভেচ্ছা জানান ডা. জুবাইদা রহমানকে। এ সময় মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী উপস্থিত ছিলেন।

এরপর বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রীকে বিশেষ মোটর শোভাযাত্রা সহকারে কুয়ালালামপুরের ‘শাংগ্রি লা’ হোটেলে নিয়ে যাওয়া হয়; এই সফরে প্রধানমন্ত্রী ও তার সহধর্মিনীসহ সফরসঙ্গীরা এই হোটেলে থাকবেন।

মালয়েশিয়া আগমন উপলক্ষে রাতে সুধী সমাবেশে যোগ দেবেন তারেক রহমান। সমাবেশে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন, বিশ্ববিদ্যালয় শিক্ষক- শিক্ষার্থী, শ্রমিক, প্রবাসীসহ নানা শ্রেণীর পেশার মানুষ অংশ নেবেন।

এর আগে আজ বিকেল পৌনে ৩টায় স্ত্রী ডা. জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। এ সময় তাকে বিদায় জানান বিএনপির মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি, মন্ত্রিসভার সদস্য এবং বিএনপির শীর্ষ নেতারা।

গত ১৭ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর সরকার গঠন করে বিএনপি। সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। দায়িত্ব নেওয়ার পর এটিই তার প্রথম বিদেশ সফর।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অর্থনৈতিক সম্পর্ক জোরদার, শ্রমবাজার সম্প্রসারণ এবং কৌশলগত সহযোগিতা গভীর করার লক্ষ্যেই প্রথম সরকারি বিদেশ সফরের গন্তব্য হিসেবে মালয়েশিয়াকে বেছে নিয়েছেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর চীন সফর, ১৫ থেকে ১৭টি চুক্তির সম্ভাবনা

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর