, | |

মূলপাতা আন্তর্জাতিক

ইরানে সরকারবিরোধী বিক্ষোভে ২ হাজার মানুষ নিহত, জানালো কর্তৃপক্ষ


ইরানে বিক্ষোভের সময় আগুন জ্বলতে থাকা একটি গাড়ি।
রাজনীতি সংবাদ প্রতিবেদক প্রকাশের সময় :১৩ জানুয়ারি, ২০২৬ ৭:১৮ : অপরাহ্ণ

ইরানে গত দুই সপ্তাহ ধরে চলা সরকারবিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সদস্যসহ প্রায় ২ হাজার মানুষ নিহত হয়েছেন। আজ মঙ্গলবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য নিশ্চিত করেন।

ইরানে গত ২৮ ডিসেম্বর থেকে শুরু হওয়া বিক্ষোভ-সহিংসতায় এত বেশিসংখ্যক মানুষের প্রাণহানির কথা প্রথমবারের মতো স্বীকার করলো ইরানি কর্তৃপক্ষ।

রয়টার্সের সঙ্গে আলাপকালে ওই কর্মকর্তা বলেছেন, বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের প্রাণহানির ঘটনায় ‌‌‘সন্ত্রাসীরা’ দায়ী।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানান, নিহতদের মধ্যে বিক্ষোভকারী এবং নিরাপত্তা বাহিনীর সদস্য-উভয়ই রয়েছেন। তবে পৃথকভাবে কতজন বিক্ষোভকারী বা কতজন নিরাপত্তা কর্মী মারা গেছেন, তার কোনো সুনির্দিষ্ট তথ্য তিনি দেননি।

এদিকে, ইরানে চলমান বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীর অভিযানে ১২ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে বলে দাবি করেছে জেরুজালেম পোস্ট। সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনালের বরাত দিয়ে তারা এ দাবি করে।

ভয়াবহ অর্থনৈতিক মন্দা এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে শুরু হওয়া এই আন্দোলন গত তিন বছরের মধ্যে দেশটির জন্য সবচেয়ে বড় অভ্যন্তরীণ চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। গত বছর ইরান জুড়ে ইসরায়েলি ও মার্কিন হামলার পর থেকে দেশটি এমনিতেই আন্তর্জাতিক চাপের মুখে ছিল, যার প্রভাব পড়েছে অভ্যন্তরীণ রাজনীতিতেও।

১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর থেকে ক্ষমতায় থাকা দেশটির কর্তৃপক্ষ বিক্ষোভ দমনে দ্বিমুখী নীতি গ্রহণ করেছে। একদিকে তারা অর্থনৈতিক সমস্যার কারণে সৃষ্ট ক্ষোভকে ‘বৈধ’ বলে অভিহিত করছে, অন্যদিকে রাজপথে কঠোর নিরাপত্তা অভিযানের মাধ্যমে দমন-পীড়ন চালাচ্ছে।

ইরান সরকার বরাবরই এই অস্থিরতার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে অভিযুক্ত করে আসছে। তাদের দাবি, বিদেশি মদতপুষ্ট ‘সন্ত্রাসীরা’ সাধারণ মানুষের আন্দোলনকে ছিনতাই করেছে।

মানবাধিকার সংস্থাগুলো এর আগে কয়েকশ মানুষের মৃত্যুর খবর নিশ্চিত করেছিল এবং জানিয়েছিল যে, হাজার হাজার মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। গত কয়েকদিন ধরে দেশটিতে ইন্টারনেট ব্ল্যাকআউট বা সংযোগ বিচ্ছিন্ন থাকায় তথ্য আদান-প্রদান মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

তা সত্ত্বেও রয়টার্স কর্তৃক যাচাইকৃত বেশ কিছু ভিডিওতে দেখা গেছে, রাতের অন্ধকারে বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে ভয়াবহ সংঘর্ষ চলছে। ভিডিওগুলোতে গোলাগুলি এবং গাড়ি ও ভবনে অগ্নিসংযোগের দৃশ্যও ধরা পড়েছে।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্র ‘পরীক্ষা’ নিতে চাইলে যুদ্ধের জন্য প্রস্তুত ইরান: আরাগচি

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর