অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। বৈঠকে উভয় নেতা দুই দেশের মধ্যে পুরোনো সম্পর্ক পুনরুজ্জীবিত করা ও স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে নিয়ে আলোচনা করেন।
আজ রোববার বিকেলে ঢাকায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ও কার্যালয় যমুনায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
রেডিও পাকিস্তান জানিয়েছে, ইসহাক দার প্রধান উপদেষ্টার জন্য দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের শুভেচ্ছা পৌঁছে দেন। তিনি প্রধান উপদেষ্টাকে ঢাকায় তার ব্যস্ততা এবং সফরের মূল ফলাফল সম্পর্কে অবহিত করেন।
পরে প্রধান উপদেষ্টা জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন চিত্র সম্বলিত একটি গ্রাফিতি বই তুলে দেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর হাতে।
এর আগে বিকেলে বর্তমান সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন ইসহাক দার। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে তিনি বৈঠকের বিষয়ে বিস্তারিত জানান।
এর আগে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী গতকাল বিএনপি, জামায়াত, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন।
এর আগে, গতকাল শনিবার বাংলাদেশ সফরে আসেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী। প্রায় ১৩ বছর পর কোনো পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফরে এলেন। যা পাকিস্তান-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
আরও পড়ুন: বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে এক চুক্তি ও ৪ সমঝোতা সই
