ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুর গুঞ্জন নিয়ে কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলছে। এর মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অফিশিয়াল পেজে শেখ হাসিনার সুস্থতার প্রমাণ হিসেবে প্রচার করা হয় একটি অডিও। এই গুঞ্জনের মধ্যেই নিজের ‘জীবিত’ থাকার প্রমাণ দিতে শেখ হাসিনাকে ফেসবুক লাইভে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন।
গতকাল শুক্রবার ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান ‘দ্য ডিসেন্টে’র একটি প্রতিবেদন নিজের ফেসবুক পেজে শেয়ার করে তিনি এ আহ্বান জানান।
পোস্টে রাশেদ খাঁন লেখেন, ‘যেহেতু ১ বছর আগের অডিও ব্যবহার করেছে, সেহেতু বুঝতে আর কারও কিছু বাকি থাকে? এখন একমাত্র উপায় ফেসবুক লাইভে এসে বলা…’।
দ্য ডিসেন্টের ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, শেখ হাসিনা সুস্থতার প্রমাণ করতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অফিশিয়াল ফেসবুক পেজে একটি অডিও বার্তা প্রকাশ করা হয়েছে। তবে ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানটির যাচাইয়ে উঠে এসেছে যে, প্রচারিত ওই অডিও ক্লিপটি মূলত পুরনো; যা অন্তত এক বছর আগ থেকেই অনলাইনে পাওয়া যাচ্ছে।
প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, শেখ হাসিনার কথিত দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমগুলোতে তার স্বাস্থ্যগত অবস্থান নিয়ে নানামুখী গুজব ও তথ্য ছড়িয়ে পড়েছে। তবে তার বর্তমান শারীরিক অবস্থা ঠিক কেমন, সে বিষয়ে দ্য ডিসেন্ট নিশ্চিত বা নির্ভরযোগ্য কোনো তথ্য সংগ্রহ করতে পারেনি।
অন্যদিকে, আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সের সাম্প্রতিক এক খবরে দাবি করা হয়েছে যে, আগামী ১৬ ডিসেম্বর বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে দেশে ফিরতে আগ্রহ প্রকাশ করেছেন শেখ হাসিনা। ওই প্রতিবেদন অনুযায়ী, রাষ্ট্রীয় এই আকাশযান সংস্থার মাধ্যমে তার দেশে ফেরার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তিনি বাংলাদেশ সরকারের নিকট অনুরোধ জানিয়েছেন।
তবে এ বিষয়ে রয়টার্সকে দেওয়া প্রতিক্রিয়ায় বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির কঠোর অবস্থান ব্যক্ত করেছেন। তিনি শেখ হাসিনাকে একজন দণ্ডপ্রাপ্ত আসামি ও পলাতক সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করে জানান, দুই দেশের মধ্যকার প্রত্যর্পণ চুক্তির বিধান অনুসারে কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যে এবং হাতকড়া পরিয়েই তাকে দেশে ফিরিয়ে আনা হবে।
গত বছর বাংলাদেশের একটি আদালত তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন। ছাত্রনেতৃত্বাধীন অভ্যুত্থানের ওপর প্রাণঘাতী দমন-পীড়নের নির্দেশ দেওয়ায় তার অনুপস্থিতিতেই শেখ হাসিনার বিরুদ্ধে এই রায় দেওয়া হয়।
আরও পড়ুন: গোপালগঞ্জে থানা, ট্রেন ও মোবাইল ব্যাংকিং বন্ধ, সরকারি বরাদ্দে স্থবিরতা







