, | |

মূলপাতা জাতীয়

শেখ হাসিনা ইস্যু: ভারতের জবাবের অপেক্ষায় ঢাকা


২০২৪ সালে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। পুরোনো ছবি
রাজনীতি সংবাদ প্রতিবেদক, ঢাকা প্রকাশের সময় :২৬ নভেম্বর, ২০২৬ ৫:০২ : অপরাহ্ণ

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে একাধিকবার চিঠি দেওয়া হয়েছে। বর্তমানে ঢাকা ভারতের উত্তরের অপেক্ষায় আছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

আজ বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

হুমায়ুন কবির বলেন, অপরাধীদের জন্য এক ধরনের নীতি রয়েছে, আর সাধারণ নাগরিকদের জন্য আরেক ধরনের নীতি। শেখ হাসিনা অপরাধীদের শ্রেণিতে পড়েন। প্রত্যর্পণের মাধ্যমেই তাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে হবে।

এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, পৃথিবীর সব দেশেই রাজনৈতিক পাগল আছে। শেখ হাসিনা এমন পাগলামি করছেন যে ভারতকেও এখন তা হজম করতে হচ্ছে মন্তব্য করে তিনি বলেন, আপনি যদি আপনার বাড়িতে একজনকে আমন্ত্রণ জানান, পরে দেখেন-তিনি সেখানে ঢুকে এমন পাগলামি করছেন, উল্টাপাল্টা কথাবার্তা বলছেন যে, তাকে বেরও করতে পারছেন না, আবার সহ্যও করতে হচ্ছে। বিষয়টি একটি বিরক্তিকর সমস্যায় পরিণত হয়েছে।

 

হুমায়ুন কবির বলেন, আমরা ভারতকে চিঠি দিয়েছি, এখন তাদের জবাব দেয়ার পালা। আমাদের জায়গা থেকে যা করার, তা করছি। এ বিষয়ে আমরা অত্যন্ত খোলামেলা।

১৬ ডিসেম্বর শেখ হাসিনার প্রত্যর্পণ প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, শেখ হাসিনা ডিসেম্বরে আসবেন না। তাকে হয় হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারির মধ্যে দেশে ফিরিয়ে আনা হবে। প্রত্যর্পণের মাধ্যমেই তাকে দেশে ফিরিয়ে আনার সুযোগ রয়েছে।

গত ২৪ নভেম্বর ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী জানান, আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে বাংলাদেশে ফেরার পরিকল্পনা করছেন শেখ হাসিনা। এ জন্য প্রয়োজনীয় ভ্রমণ নথি চেয়ে তার আইনজীবীর মাধ্যমে নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনে যোগাযোগ করা হয়েছে।

এ ছাড়া দিল্লি থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটে দেশে ফেরার ব্যবস্থা করতে বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন শেখ হাসিনা।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ১৫ বছরের শাসনের অবসানের পর বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। এরপর থেকে তিনি ভারতে অবস্থান করছেন।

শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে। বাংলাদেশ সরকার বলেছে, দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করা হবে এবং অন্যান্য দণ্ডিত পলাতক আসামির মতো আইনের আওতায় তার বিচার হবে।রাজনৈতিক খবর পড়ুন

২০২৪ সালে আন্দোলনকারীদের ওপর দমন-পীড়নের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০২৫ সালের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে তার অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেয়।

তবে এসব অভিযোগ প্রত্যাখ্যান করে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আদালতের মুখোমুখি হতে আগ্রহ প্রকাশ করেছেন।

আরও পড়ুন: ১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললো ভারত

Rajniti Sangbad


আরও খবর