বাংলাদেশের বিরুদ্ধে ‘অন্যায্য উৎপাদন চর্চা’ এবং শ্রমিকদের জন্য ‘অপর্যাপ্ত সুরক্ষা’ নিশ্চিত করার অভিযোগ এনে ঢাকা থেকে আমদানি করা পণ্যের ওপর সর্বোচ্চ ১৮ শতাংশ নতুন শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। উৎপাদন খাতে অতিরিক্ত সক্ষমতা ও বাণিজ্যনীতির কথিত অনিয়ম নিয়ে পরিচালিত তদন্তের পর এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির দপ্তর (ইউএসটিআর) এ ঘোষণা দিয়েছে। আজ বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স।
যুক্তরাষ্ট্রের অভিযোগ, বাংলাদেশের কিছু বাণিজ্য ও উৎপাদননীতি ‘অযৌক্তিক’। এসব নীতি মার্কিন বাণিজ্যের ওপর বাড়তি চাপ সৃষ্টি করছে এবং দেশটির বাণিজ্য সীমিত করছে। বিশেষ করে তৈরি পোশাক ও অ্যাপারেল খাতকে কেন্দ্র করে এ অভিযোগ তোলা হয়েছে।
ওয়াশিংটনের ভাষায়, উৎপাদন খাতে ‘কাঠামোগত অতিরিক্ত সক্ষমতা ও উৎপাদন’ মোকাবিলায় ১৪টি অর্থনীতির বিরুদ্ধে নেয়া বৃহত্তর পদক্ষেপের অংশ এটি। ১৯৭৪ সালের ট্রেড অ্যাক্টের সেকশন ৩০১-এর আওতায় এসব তদন্ত পরিচালনা করা হয়েছে।বাংলাদেশ সংবাদ
বাংলাদেশসহ ১৪ দেশের বিরুদ্ধে পদক্ষেপ
এর আগে যুক্তরাষ্ট্র চীন, ইউরোপীয় ইউনিয়ন, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কম্বোডিয়া, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম, তাইওয়ান, বাংলাদেশ, জাপান ও ভারতের বিরুদ্ধে নতুন শুল্কের প্রস্তাবের কথা জানায়।
ট্রাম্প প্রশাসন জানিয়েছে, দেশ ও পণ্যভেদে প্রস্তাবিত শুল্কের হার ভিন্ন হবে। চীনের ক্ষেত্রে সর্বোচ্চ ৪০ শতাংশ পর্যন্ত শুল্কের কথা বলা হয়েছে, যদিও কার্যকর হার এর চেয়ে কম হতে পারে। থাইল্যান্ড ও ভারতের মতো কয়েকটি দেশের ক্ষেত্রে হার ২৫ শতাংশ পর্যন্ত এবং জাপানসহ কয়েকটি দেশের ক্ষেত্রে ২০ শতাংশ পর্যন্ত হতে পারে। তবে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এর আগে বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্যিক সমঝোতায় শুল্কের যে সর্বোচ্চ সীমা নির্ধারণ করেছিল, তার কারণে প্রস্তাবিত হারের কিছু অংশ কার্যত কমে আসতে পারে।
গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ট্রাম্প প্রশাসনের ব্যাপকভিত্তিক আমদানি শুল্ক বাতিল করে দেন। নতুন প্রস্তাবিত শুল্কের একটি অংশ ওই বাতিল হওয়া শুল্কের জায়গা নেবে। একই সঙ্গে বর্তমানে কার্যকর থাকা অন্যান্য শুল্কের সঙ্গেও নতুন শুল্ক যুক্ত হতে পারে।বাংলাদেশ সংবাদ
তালিকায় নেই কানাডা
নতুন শুল্ক তদন্তের আওতায় থাকা ১৪টি অর্থনীতির তালিকায় কানাডার নাম নেই। অথচ ট্রাম্প প্রশাসনের নিয়মিত বাণিজ্যিক লক্ষ্যবস্তুগুলোর মধ্যে দেশটি অন্যতম।
কানাডাকে কেন তদন্তের আওতায় রাখা হয়নি, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মার্কিন প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, আগের উল্লেখিত তদন্তের আওতায় কানাডা ছিল না। তবে একে কানাডার জন্য কোনো ছাড় হিসেবে দেখার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।
ওই কর্মকর্তা বলেন, তালিকাভুক্ত অন্য দেশগুলোর ক্ষেত্রে ‘গুরুতর ও চরম পর্যায়ের ঘটনা’ পাওয়া গেছে, যার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া প্রয়োজন ছিল।
এর আগে ট্রাম্প প্রশাসন কয়েক দফায় কানাডার ওপর শুল্ক আরোপ করে। ইস্পাত, তামা, গাড়ি ও অ্যালকোহলসহ যুক্তরাষ্ট্রে রপ্তানি করা বিভিন্ন পণ্যের ওপর শুল্কের হার একপর্যায়ে সর্বোচ্চ ৫০ শতাংশে পৌঁছায়। পাল্টা ব্যবস্থা হিসেবে কানাডাও যুক্তরাষ্ট্রের ধাতব পণ্য, সামুদ্রিক খাবার ও দুগ্ধজাত পণ্যের ওপর শুল্ক আরোপ করে।
আরও পড়ুন: ১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললো ভারত







