তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ করেছে নিম্নতম মজুরি বোর্ড, যা আগামী ডিসেম্বর থেকে কার্যকর হবে। গতকাল মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় বোর্ডের সভাকক্ষে বৈঠক শেষে দিবাগত রাত সাড়ে ৩টায় প্রেস ব্রিফিং এ কথা জানান নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী।
সভায় দর–কষাকষিতে মালিকপক্ষ তাদের মজুরি প্রস্তাব ১৫ হাজার ৭০০ টাকা থেকে চার দফায় বৃদ্ধি করে ১৭ হাজার টাকা করে। অন্যদিকে শ্রমিকপক্ষ ২২ হাজার থেকে চার দফায় কমিয়ে ১৯ হাজার টাকা প্রস্তাব করে। পরে মালিকপক্ষ তাদের প্রস্তাবে অনড় থাকলে শ্রমিকরা ১৮ হাজার ৫০০ টাকা দাবি করে আবার সংশোধিত প্রস্তাব দেয়। মালিকপক্ষ তাদের প্রস্তাবে স্থির থাকলে শ্রমিকপক্ষ ১৮ হাজার দাবি করে। শেষ পর্যন্ত মালিক ও শ্রমিকপক্ষ নিজেদের প্রস্তাবে অনড় থাকলে বোর্ড চেয়ারম্যান ভোটাভুটির সিদ্ধান্ত নেন। রাত ১টার পর এই ভোট অনুষ্ঠিত হয়।
মজুরি বোর্ডের চেয়ারম্যান জানান, প্রথমবারের মতো মজুরি বোর্ড ২০ দিনের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি চূড়ান্ত করতে পেরেছে। দীর্ঘ আলোচনার পর মালিক ও শ্রমিকপক্ষ ঐক্যমতে পৌছতে পেরেছে। শিগগিরই তা গেজেটের জন্য পাঠানো হবে।
তিনি আরও জানান, ১-৩ গ্রেডে সর্বসম্মতিক্রমে মজুরি নির্ধারণ করা গেছে। ৪র্থ গ্রেড অর্থাৎ সর্বনিম্ন গ্রেডে মালিক ও শ্রমিকপক্ষ ঐকমত্যে পৌছাতে না পারায় শ্রম আইন অনুযায়ী গোপন ভোট নেওয়া হয়। সেই ভোটে ১৭ হাজার টাকা ন্যূনতম মজুরির পক্ষে ৪ জন বোর্ড সদস্য ভোট দেন। বাকি দুই জন ১৮ হাজার টাকার পক্ষে ভোট দেন।
মজুরি বোর্ডের চেয়ারম্যান জানান, যেসব শ্রমিক ন্যূনতম মজুরির চাইতে ইতোমধ্যেই বেশি বেতন পান, সর্বসম্মতিক্রমে তাদের বেতন ন্যূনতম ২ হাজার টাকা সমন্বয় করার সিদ্ধান্ত হয়েছে। সক্ষমতার ভিত্তিতে কারখানাগুলো চাইলে এর বেশিও দিতে পারে। নতুন মজুরি ডিসেম্বর থেকে কার্যকর হবে।
নতুন কাঠামো অনুযায়ী, ৪র্থ গ্রেডের শ্রমিকের (হেলপার, থ্রেড কাটার, লাইন অ্যাসিসটেন্ট) বেতন নির্ধারণ করা হয়েছে ১৭ হাজার টাকা। ৩য় গ্রেডের (জুনিয়র অপারেটর, অভিজ্ঞ হেলপার, ফোল্ডার, প্যাকার, ট্যাগিংম্যান, সুইং সহকারী) ১৯ হাজার ২০০ টাকা, দ্বিতীয় গ্রেডের (সেলাই, কাটিং, ফিনিশিং, কোয়ালিটি কন্ট্রোল অপারেটর; সিনিয়র হেলপার (বিশেষায়িত কাজের), সিনিয়র কলার জয়েন্টার, সিনিয়র কাফ মেকার) ২০ হাজার টাকা এবং প্রথম গ্রেডের (সেলাই, কাটিং, আয়রনিং, ফিনিশিংয়ের সিনিয়র অপারেটর; প্যাটার্ন মেকার; স্যাম্পল মেকার; স্ক্রিন প্রিন্টার; সিনিয়র ডাইং অপারেটর) শ্রমিকের মজুরি ২১ হাজার ৫০০ টাকা।
বৈঠক সূত্রে জানা গেছে, অনেক দরকষাকষির পর শ্রমিকপক্ষের প্রতিনিধিরা ন্যূনতম মজুরি ১৮ হাজার টাকা করার চূড়ান্ত প্রস্তাব দিয়েছিলেন। শেষ পর্যন্ত বোর্ডের সদস্যের ভোটে ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা চূড়ান্ত হয়েছে।
মজুরি নিয়ে আলোচনা চলাকালে শিল্পাঞ্চলের অস্থিরতা পোশাক খাতের সংকটকে আরও জটিল করে তোলে। বিজিএমইএর ২২ নভেম্বর প্রকাশিত জরিপ অনুযায়ী, ১ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত অস্থিতিশীল পরিস্থিতিতে ৩১৭টি কারখানার উৎপাদন ব্যাহত হয়েছে। এতে উৎপাদন ক্ষতি হয়েছে ৪২৮ মিলিয়ন ডলার।
উল্লেখ্য, সর্বশেষ ২০২৩ সালের ডিসেম্বরে পোশাক শ্রমিকদের নতুন মজুরি কাঠামো কার্যকর হয়। তখন সর্বনিম্ন বা চতুর্থ গ্রেডের শ্রমিকদের মাসিক মজুরি নির্ধারণ করা হয়েছিল ১২ হাজার ৫০০ টাকা।
আরও পড়ুন: গোপালগঞ্জে সহিংসতা: আওয়ামী লীগ নেতাসহ ৯৭ জনের ব্যাংক হিসাব জব্দ
