, | |

মূলপাতা আন্তর্জাতিক

জাতিসংঘের প্রথম নারী মহাসচিব হওয়ার দৌড়ে লানা, কে তিনি?


সংযুক্ত আরব আমিরাতের কূটনীতিক লানা নুসেইবেহ
রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :২৭ অক্টোবর, ২০২৬ ৮:০২ : অপরাহ্ণ

জাতিসংঘের পরবর্তী মহাসচিব পদে সংযুক্ত আরব আমিরাতের কূটনীতিক লানা নুসেইবেহকে সমর্থন দেওয়ার দিকে ঝুঁকছে বৃটেন। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো নেয়নি দেশটি। বৃটিশ সরকারের ঘনিষ্ঠ একাধিক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে মিডল ইস্ট আই।

তবে নুসেইবেহর প্রার্থিতা নিয়ে বিতর্কও রয়েছে। সুদানের গৃহযুদ্ধে সংযুক্ত আরব আমিরাতের ভূমিকা এবং ইসরাইলের সঙ্গে দেশটির ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে সমালোচনার মুখে পড়েছেন তিনি। সুদানের আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেসকে (আরএসএফ) সমর্থন দেয়ার অভিযোগ রয়েছে আমিরাতের বিরুদ্ধে।

জাতিসংঘের তদন্তকারীরা এই বাহিনীর চালানো ব্যাপক হত্যাকাণ্ডে ‘গণহত্যার বৈশিষ্ট্য’ দেখতে পেয়েছেন বলে জানিয়েছেন। তবে এসব অভিযোগ অস্বীকার করে আসছে আমিরাত।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য বৃটেন নুসেইবেহকে সমর্থন দিতে পারে বলে সরকারের ঘনিষ্ঠ একাধিক সূত্র মিডল ইস্ট আইকে জানিয়েছে। তবে এ বিষয়ে বৃটিশ সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

বৃটিশ পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র সংবাদমাধ্যমটিকে বলেন, ‘বিশ্বের অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় জাতিসংঘকে নেতৃত্ব দেয়ার জন্য সবচেয়ে উপযুক্ত প্রার্থী খুঁজে বের করাই বৃটেনের অগ্রাধিকার।’

তিনি আরও বলেন, ‘পরবর্তী জাতিসংঘ মহাসচিব হিসেবে সবচেয়ে যোগ্য ব্যক্তিকে বেছে নিতে আমরা প্রার্থীদের যোগ্যতার ওপর গুরুত্ব দিচ্ছি। নির্দিষ্ট কোনো প্রার্থী সম্পর্কে আমরা প্রকাশ্যে মন্তব্য করব না।’

আমিরাতের সঙ্গে সম্পর্ক মেরামতের চেষ্টা?
জাতিসংঘ মহাসচিব পদে নুসেইবেহকে বৃটেনের সমর্থন দেয়ার সম্ভাবনাকে আবুধাবির সঙ্গে প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামের সম্পর্ক সহজ করার পদক্ষেপ হিসেবে দেখা হতে পারে। ম্যানচেস্টার সিটি ফুটবল ক্লাবকে ঘিরে বৃটেনে বড় ধরনের বিতর্কের পর দুই পক্ষের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছে।

 

আমিরাতের রাজপরিবারের সদস্য ও দেশটির ভাইস প্রেসিডেন্ট শেখ মনসুর বিন জায়েদ আল নাহিয়ানের মালিকানাধীন ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে গত মাসে ইংলিশ প্রিমিয়ার লিগের ১১৪টি আর্থিক বিধি লঙ্ঘনের অভিযোগ ওঠে।

অভিযোগ অনুযায়ী, ৮৩ কোটি পাউন্ডের বেশি-প্রায় ১১০ কোটি ডলারের-অবৈধ অর্থায়নের তথ্য আড়াল করা হয়েছিল। তবে ম্যানচেস্টার সিটি এসব অভিযোগ অস্বীকার করেছে।

এরপর প্রিমিয়ার লিগের পদক্ষেপের কারণে বৃটেনে বিনিয়োগ বাতিল করার হুমকি দিয়েছেন আমিরাতের কর্মকর্তারা বলে বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়েছে।

একাধিক সূত্রের মতে, এ পরিস্থিতিতে নুসেইবেহকে সমর্থন দিলে আমিরাতের কাছ থেকে কূটনৈতিক সদিচ্ছা অর্জন করতে পারে বৃটেন। তবে সমর্থনের সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি।

৪৮ বছর বয়সী নুসেইবেহ নির্বাচিত হলে তিনিই হবেন জাতিসংঘের প্রথম নারী মহাসচিব। একই সঙ্গে তিনি হবেন সংস্থাটির দ্বিতীয় আরব মহাসচিব। এর আগে মিসরের বুতরোস বুতরোস-ঘালি এ পদে দায়িত্ব পালন করেছেন।

গত সপ্তাহে নুসেইবেহর প্রার্থিতা ঘোষণার আগে জাতিসংঘ মহাসচিব নির্বাচন নিয়ে ছয় দফা অনানুষ্ঠানিক ভোটাভুটি হয়েছে। তবে নিরাপত্তা পরিষদের ভেটো ক্ষমতাসম্পন্ন পাঁচ স্থায়ী সদস্য-বৃটেন, যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন ও ফ্রান্সের সমর্থন কোনো প্রার্থীই নিশ্চিত করতে পারেননি।

বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেসের মেয়াদ ডিসেম্বরে শেষ হচ্ছে। ১৯৩ সদস্যের সাধারণ পরিষদে অনুমোদনের জন্য নিরাপত্তা পরিষদকে প্রথমে একজন প্রার্থীর বিষয়ে একমত হতে হবে। তবে নির্ধারিত সময়ের মধ্যে এ প্রক্রিয়া শেষ হবে কিনা, তা এখনো স্পষ্ট নয়।

Rajniti Sangbad


আরও খবর