, | |

মূলপাতা জাতীয়

সরকার অনুমতি দিলে পুলিশ ক্রসফায়ার করবে: আইজিপি


আইজিপি আলী হোসেন ফকির। ছবি: সংগৃহীত
রাজনীতি সংবাদ প্রতিবেদক, ঢাকা প্রকাশের সময় :২৬ অক্টোবর, ২০২৬ ৬:২১ : অপরাহ্ণ

প্রয়োজন হলে এবং সরকার অনুমতি দিলে পুলিশ ‘ক্রসফায়ার’ করবে বলে জানিয়েছেন বাহিনীর মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

আজ সোমবার রাজধানীর চকবাজারে কমিউনিটি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং সেবার উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আইজিপি বলেন, ‘কে আসবে, কবে আসবে, কী হবে, ওইটা আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর দেখার বিষয় না। আমাদের দায়িত্ব আইন সংবিধান অনুযায়ী যখন যেখানে যা প্রয়োগ করা দরকার, সেটাই আমরা করবো। যেখানে ক্রসফায়ারের যদি প্রয়োজন হয়, সরকার যদি এলাউ (অনুমতি) করে আমরা (পুলিশ) সেটাই করবো।’

আলী হোসেন ফকির বলেন, ‘আমরা যদি লাঠিপেটা করি, বলবেন আমরা ফ্যাসিস্ট পুলিশ। আর আমরা যদি নীরব থাকি, তাহলে বলবেন দুর্বল পুলিশ। তাহলে আমাকে তো কাজ করার পরিবেশ দিতে হবে, এমপাওয়ার করতে হবে।’

সুখে-শান্তিতে বসবাস করতে হলে পুলিশের কোনো বিকল্প নাই উল্লেখ করে আইজিপি বলেন, ‘দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশের প্রয়োজন। এটা স্বীকার করে নিয়ে আইন এবং সংবিধান অনুযায়ী আমাকে দায়িত্ব পালন করতে দিন।’

পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তার বাড়িতে অভিযানে ৮৫ জনকে গ্রেপ্তারের বিষয়ে ১০১ নাগরিকের দেওয়া বিবৃতির বিষয়ে আলী হোসেন ফকির বলেন, ‘স্বাধীনতা থাকা মানে এই নয় যে আপনি যা খুশি করতে পারবেন। আপনাকে আইনের সীমার মধ্যে থাকতে হবে এবং এই দেশের নৈতিকতা ও মূল্যবোধ অনুযায়ী সমাজে আচরণ করতে হবে।’

Rajniti Sangbad


আরও খবর