সামাজিক যোগাযোগমাধ্যমে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে অডিও ভাইরালের ঘটনায় রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল হাসানকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে।
আজ রাত পৌনে ৯টার দিকে রাকিবুল হাসানকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলমের আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা ক্যান্টনমেন্ট থানার পরিদর্শক এ বি এম আবদুল্লাহ আল সাকিব সাত দিনের রিমান্ডের আবেদন করেন। আদালত শুনানি শেষে পাঁচ দিনের রিমান্ডের আদেশ দেয়।
এর আগে গত ১৭ সেপ্টেম্বর ওসি রাকিবুল হাসানের একটি অডিও রেকর্ড ফাঁস হয়। ছড়িয়ে পড়া ওই অডিও রেকর্ডে ছাত্র-জনতার গণআন্দোলনে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে রাকিবুল হাসানের কথোপকথন শোনা যায়।
অডিওতে রাকিবুল হাসানকে বলতে শোনা যায়, ‘শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরলে কিছু হবে না। রাস্তার পুলিশ কত দুর্বল, তাই ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা না করে চলতি মাসেই তার দেশে আসা উচিত।’
তবে অডিওটি নিজের নয় এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে বলে দাবি করেন রাকিবুল।
ফাঁস হওয়া অডিও বক্তব্যের বিষয়ে জানতে রাকিবুল হাসানকে ডিবি কার্যালয়ে ডেকে নেওয়া হয়েছিল। এ ঘটনার পরই তাকে ক্যান্টনমেন্ট থানা থেকে প্রত্যাহার করে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়। এরপর রাকিবুল হাসানের বিরুদ্ধে তদন্ত শুরু হয়। এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে ডিএমপি। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করার সিদ্ধান্ত হয়। পরে রাকিবুলকে রাজারবাগ থেকে গ্রেপ্তার করে ক্যান্টনমেন্ট থানায় সোপর্দ করা হয়।
আরও পড়ুন: নাশকতায় আওয়ামী লীগের নতুন কৌশল, মিললো চাঞ্চল্যকর তথ্য






