, | |

মূলপাতা জাতীয়

অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাফিজ উদ্দিন


হাফিজ উদ্দিন আহমদ।

রাজনীতি সংবাদ প্রতিবেদক
প্রকাশের সময় : ২৪ জুলাই ২০২৬, ৫:৪৫ অপরাহ্ণ

মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করার পর অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব নিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম। আজ শুক্রবার বিকেলে জাতীয় সংসদের এলডি হলে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

হাফিজ উদ্দিন আহমদ জানান, আজ বিকেল ৫টা ১ মিনিটে রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করার পর এই পদের দায়িত্ব গ্রহণ করেছেন।

এর আগে, আজ বিকেলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গুরুতর শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে স্পিকারের কাছে পদত্যাগপত্র পাঠান।

ব্রিফিংয়ে জাতীয় সংসদের স্পিকার বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৫০ অনুচ্ছেদের দফা ৩ অনুযায়ী রাষ্ট্রপতি স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র আজ আমার নিকট দাখিল করেন। বিকেল ৫টা ১ মিনিটে সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী আমি রাষ্ট্রপতির পদ গ্রহণ করেছি।

হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘স্পিকারের শপথ নেওয়ার সময় আমি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শপথ নিয়েছিলাম। কোনো কারণে রাষ্ট্রপতির পদ শূন্য হলে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করতে পারি। একই সঙ্গে ডেপুটি স্পিকারের শপথের সময় বলা হয়েছে, কোনো কারণে স্পিকারের পদ শূন্য হলে তিনি ভারপ্রাপ্ত স্পিকারের পদের দায়িত্ব পালন করবেন।’

প্রসঙ্গত, ২০২৩ সালের ২৪ এপ্রিল আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) সরকারের সময় দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন ৭৫ বছর বয়সী মো. সাহাবুদ্দিন। সাংবিধানিক নিয়ম অনুযায়ী ২০২৮ সালের এপ্রিল পর্যন্ত তার মেয়াদ থাকার কথা ছিল।

দুদিন ধরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে গুঞ্জন চলছে। তবে সরকারের পক্ষ থেকে বিষয়টি সরাসরি স্বীকার করা হয়নি। এর মধ্যে চিকিৎসার জন্য থাইল্যান্ড গিয়েছিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। আজ দুপুরের দিকে নির্ধারিত সফরসূচির দুদিন আগেই দেশে ফেরেন তিনি।

আরও পড়ুন: পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর