এবার তুরস্কের ভূখণ্ড লক্ষ্য করে ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে ইরান। তবে ওই ক্ষেপণাস্ত্র লক্ষ্যে পৌঁছানোর আগে পশ্চিমা সামরিক জোট ন্যাটো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ধ্বংস করেছে।
আজ বুধবার তুরস্কের সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, তুরস্কের আকাশসীমা লক্ষ্য করে ইরান থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ইরাক ও সিরিয়ার আকাশসীমায় ধ্বংস করেছে ন্যাটোর প্রতিরক্ষা ব্যবস্থা।
এক বিবৃতিতে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ইরান থেকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল; যা ইরাক ও সিরিয়ার আকাশসীমা অতিক্রম করে তুরস্কের দিকে আসছিল। পূর্ব ভূমধ্যসাগরে মোতায়েন করা ন্যাটোর আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সময়মতো সেটিকে শনাক্ত এবং আঘাত হেনে অকেজো করে দেয়।
তুরস্কে সরাসরি মার্কিন সামরিক ঘাঁটি নেই। তবে দেশটিতে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর ঘাঁটি আছে। তুরস্ক নিজেও এই জোটের সদস্য। এ কারণে সেখানে ন্যাটোর ঘাঁটিসহ বিভিন্ন স্থাপনা আছে এবং সেগুলো যৌথভাবে ব্যবহার করা হয়।
এদিকে আঘাত আসতে পারে এমন সম্ভাব্য সব মার্কিন স্থাপনায় প্রতিশোধমূলক আক্রমণ করছে ইরান। এর অংশ হিসেবেই তুরস্কের উদ্দেশে ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়ে থাকতে পারে।
আজ বুধবার তুরস্ক জানিয়েছে, ইরান থেকে উৎক্ষেপণ করা একটি ব্যালিস্টিক মিসাইল আঙ্কারার দিকে আসছিল। সেটি তুরস্কের আকাশসীমায় প্রবেশের আগেই ন্যাটোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রুখে দিয়েছে।
সূত্র: আল জাজিরা।
আরও পড়ুন: ইরানের সর্বোচ্চ নেতা হলেন খামেনির ছেলে মোজতবা
