, | |

মূলপাতা জাতীয়

চট্টগ্রাম বন্দরে প্রতিদিন দুই থেকে আড়াই কোটি টাকার চাঁদাবাজি


চট্টগ্রাম বন্দর
রাজনীতি সংবাদ প্রতিবেদক প্রকাশের সময় :৮ ডিসেম্বর, ২০২৫ ৮:০৯ : অপরাহ্ণ

চট্টগ্রাম বন্দরে প্রতিদিন দুই থেকে আড়াই কোটি টাকা চাঁদাবাজি হয় বলে জানিয়েছেন নৌ পরিবহন ও শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন।

আজ সোমবার সকালে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

সাংবাদিকদের নৌ পরিবহন উপদেষ্টা বলেন, ‘আমি আশ্চর্য হই, যখন আপনারা একবারও জিজ্ঞেস করেন না চট্টগ্রাম বন্দর থেকে প্রতিদিন কত অবৈধ টাকা ওঠে? আমি আনুমানিক বলতে পারবো না। আমি একটা রাফ ফিগার দিতে পারি। কিন্তু দিলে হয়তো ওটা নিয়ে কনটেস্ট হবে। তবে আনুমানিক প্রত্যেকটা দিন দুই থেকে আড়াই কোটি টাকা।’

 

সাখাওয়াত হোসেন বলেন, ‘বন্দরে প্রত্যেকটি জায়গায় চাঁদাবাজি হয়। ভেতরে ট্রাক দাঁড়ানো, দিনের পর দিন দাঁড়ানো, যেটা জায়গা না, কেউ না কেউ চাঁদা নিচ্ছে। গাড়ির স্ট্যান্ড আমি বের করে দিয়েছি। কিন্তু বাইরে গেছে সেখানেও চাঁদা নিচ্ছে।’

নৌ পরিবহন উপদেষ্টা বলেন, ‘যেই চিটাগাংয়ের মেয়র হোন, আমি অতীতের কথা বলছি, উনি সিটির চেয়ে বন্দরের রক্ষক বেশি। চট্টগ্রাম বন্দর অনেকটা সোনার ডিম পাড়া হাঁসের মতো। তাড়াতাড়ি জবাই করো, সবগুলো বের করে খেয়ে ফেলো।’

গত ৪ ডিসেম্বর নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গে বিদেশি কোম্পানির চুক্তি প্রক্রিয়া নিয়ে দ্বিধাবিভক্ত রায় দিয়েছে হাইকোর্ট। এ প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সাখাওয়াত হোসেন বলেন, ‘আমার মনে হয় যারা এটা নিয়ে আলোচনা করছেন, তারা নতুন বেঞ্চে যাবেন অথবা প্রধান বিচারপতির শরণাপন্ন হবেন।’

নৌ পরিবহন উপদেষ্টা বলেন, ‘আমি রায়ের বিরুদ্ধে যাচ্ছি না, রায়ের কথাও বলছি না। দুনিয়াতে যাদের যাদের ট্রিলিয়ন ডলারের ইনভেস্টমেন্ট হয়েছে, এ পর্যন্ত বন্দরে সবচেয়ে বেশি ইনভেস্টমেন্ট হয়েছে।’

সাখাওয়াত হোসেন বলেন, ‘প্রথমে বললো যে অমুক চলে গেলে বন্দর অনেক ডাউন হয়ে যাবে। আমি নিজে ভয় পেয়ে গেলাম। এখন কী করবো। মিটিং করলাম, বললাম যে ঠিক আছে ৫ শতাংশ কম হোক সেটাও রাজি। এখন তো ফাস্ট, বন্দরে যেখানে দিনের পর দিন লাগত সেখানে একদিন, দেড় দিন এবং তারও কম সময় লাগছে।’

নৌ পরিবহন উপদেষ্টা বলেন, ‘আপনারা বিজনেসম্যানদের জিজ্ঞেস করেন না কেন? আমার সঙ্গে যত বিজনেসম্যানের দেখা হয়েছে ১০০% বলছে, স্যার যদি একটা ভালো কাজ করেন, তাহলে এই কাজটা করিয়েন। এটা তো আগের পরিকল্পনা, হঠাৎ করে আসেনি। অনেক কাজ হয়েছে তবে হয়নি কেন, সেটা আপনারাই ভালো জানেন।’

আরও পড়ুন: নিউমুরিং টার্মিনালের পরিচালনা চুক্তি নিয়ে হাইকোর্টের বিভক্ত রায়

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর