নির্বাচনের আগে জনপ্রশাসনকে ঢেলে সাজানোর অংশ হিসেবে দেশের চারটি জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার। চার জেলা হলো- চট্টগ্রাম, চাঁপাইনবাবগঞ্জ, মাদারীপুর ও ফেনী।
আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, ফেনীর জেলা প্রশাসক সাইফুল ইসলামকে চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মিজ্ মনিরা হককে ফেনীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে নিয়োগ দিয়েছে সরকার।
এছাড়া বিদ্যুৎ বিভাগের উপসচিব মোহাম্মদ সোলায়মানকে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব মিজ আফছানা বিলকিসকে মাদারীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২১ সেপ্টেম্বর ২০২৫ তারিখের প্রজ্ঞাপনমূলে মোহাম্মদ আব্দুল আউয়াল, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, নওগাঁ-কে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, চট্টগ্রাম হিসেবে বদলির আদেশে তাঁর ক্ষেত্রে প্রযোজ্য অংশটুকু এতদ্বারা বাতিল করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
জনপ্রশাসন মন্ত্রণালয়সূত্রে জানা গেছে, পদোন্নতি পেয়ে যুগ্মসচিব হওয়ার পরও যারা এখনো ডিসি পদে দায়িত্ব পালন করছেন তাদেরকে শিগগিরই প্রত্যাহার করে বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগে পদায়ন করা হবে। সেসব জেলায় নতুন করে ডিসি নিয়োগ দেওয়া হবে।
আরও পড়ুন: বদলে যাচ্ছে ডিসি-ইউএনও পদের নাম
