দেশের বাজারে স্বর্ণের দাম ভরিতে একলাফে বেড়েছে ৬ হাজার ৯০৫ টাকা। এতে অতীতের সব রেকর্ড ভেঙে নতুন রেকর্ড ছুঁয়েছে স্বর্ণের দাম। সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ৬ হাজার ৯০৬ টাকা বাড়ানো হয়েছে। এর ফলে প্রতি ভরি ২২ ক্যারেটের স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ৯ হাজার ১০০ টাকায়।
আজ বুধবার রাতে স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
এর আগে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ২ লাখ ২ হাজার ১৯৫ টাকা।
বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। তবে রুপার দাম অপরিবর্তিত রয়েছে।
বাজুস জানিয়েছে, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৯৯ হাজার ৫৯৪ টাকা ও ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৭১ হাজার ৮৮ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪২ হাজার ৩০১ টাকা নির্ধারণ করা হয়েছে।
আগামীকাল বৃহস্পতিবার (৯ অক্টোবর) থেকে নতুন এ দাম কার্যকর হবে।
তবে স্বর্ণের গহনা কিনতে ক্রেতাদের এর চেয়ে বেশি অর্থ গুনতে হবে। কারণ বাজুস নির্ধারণ করা দামের ওপর ৫ শতাংশ ভ্যাট যোগ করে স্বর্ণের গহনা বিক্রি করা হয়। একই সঙ্গে বাজুস নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করা হয়। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।
পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সব জুয়েলারি ব্যবসায়ীকে নতুন মূল্য তালিকায় স্বর্ণ বিক্রির অনুরোধ জানিয়েছে বাজুস।
এর আগে গতকাল মঙ্গলবার ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৪৬৯ টাকা বাড়ানো হয়েছিল।
বেড়েছে রুপার দামও
স্বর্ণের দাম বাড়ার সাথে রুপার দামও বেড়েছে। ক্যাটাগরি অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৯৮১ টাকা, ২১ ক্যারেটের দাম ৪ হাজার ৭৪৭ টাকা, ১৮ ক্যারেটের দাম ৪ হাজার ৭১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
আরও পড়ুন: শহিদুল আলমকে অপহরণ করেছে ইসরায়েলি বাহিনী
