, | |

মূলপাতা ক্যাম্পাস রাজনীতি

জাকসুর ভোট গুনতে গুনতে মৃত্যুর কোলে ঢলে পড়লেন পোলিং অফিসার


প্রকাশের সময় :১২ সেপ্টেম্বর, ২০২৫ ১০:২৬ : পূর্বাহ্ণ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গুনতে গুনতে মারা গেছেন এক কর্মকর্তা। দায়িত্ব পালনকালে অসুস্থ হয়ে মারা যান তিনি।

তার নাম জান্নাতুল ফেরদৌস। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষিকা ছিলেন। জাকসু নির্বাচনে পোলিং অফিসারের দায়িত্ব পালন করছিলেন তিনি।

আজ শুক্রবার সকালে অসুস্থ অবস্থায় সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, মৃত জান্নাতুল ফেরদৌস জাকসু ও প্রীতিলতা হল সংসদ নির্বাচনে পোলিং অফিসারের দায়িত্ব পালন করছিলেন।

শুক্রবার ভোট গণনা করতে আসার পর সকাল পৌনে ৯টার দিকে জাকসু নির্বাচন অফিসে বসে কাজ করছিলেন তিনি। এসময় হঠাৎ পড়ে যান শিক্ষিকা জান্নাতুল ফেরদৌস। এ সময় সহকর্মীরা স্ট্রেচারে করে তিনতলা থেকে নিচ তলায় নামিয়ে আসেন।

পরে তাকে অ্যাম্বুলেন্সে উঠিয়ে জরুরি চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জান্নাতুল ফেরদৌসের বাড়ি পাবনায়। তিনি পাবনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও বর্তমানে ইত্তেফাকের পাবনা জেলা প্রতিনিধি রুমি খন্দকারের একমাত্র মেয়ে।

আরও পড়ুন: জাকসুর ফলাফল কখন, জানালো নির্বাচন কমিশন

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর