ব্রিটেনের রাজা চার্লস তৃতীয়ের সঙ্গে একান্ত সাক্ষাৎ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। আজ বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টার দিকে ব্রিটেনের রাজপ্রাসাদ বাকিংহাম প্যালেসে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
ব্রিটিশ রাজপরিবারের ঐতিহ্য অনুসারে, এমন ব্যক্তিগত সাক্ষাৎ রাজা সাধারণত তাদেরই দেন, যাদের কাজ ও অবদানকে তিনি বিশেষভাবে গুরুত্ব দেন। এটি কেবল একটি সৌজন্যমূলক সাক্ষাৎ নয়, বরং একটি সম্মানজনক রাজকীয় স্বীকৃতি হিসেবেও বিবেচিত।
বৃহস্পতিবার বেলা ১১টা ২০ মিনিট থেকে ১১টা ৫০ মিনিট পর্যন্ত লন্ডনের স্থানীয় সময় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতের পর বিকেল ১টা ৩০ মিনিট থেকে ৩টা পর্যন্ত আয়োজিত ‘কিং চার্লস হারমনি অ্যাওয়ার্ড ২০২৫’ অনুষ্ঠানে অংশ নেবেন ড. ইউনূস।
এই আয়োজনে রাজা চার্লস তৃতীয় নিজ হাতে প্রফেসর ইউনূসকে ‘হারমনি অ্যাওয়ার্ড ২০২৫’ প্রদান করবেন। পরিবেশ, শান্তি ও মানুষের মধ্যে সাম্য-সহাবস্থানের পক্ষে তার দীর্ঘদিনের অবদানের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার প্রদান করা হয়।
জুন ২০২৪ সালে রাজা চার্লস তার ফাউন্ডেশনের পক্ষ থেকে পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্যের পক্ষে কাজ করা ব্যক্তিদের সম্মান জানাতে এই নতুন পুরস্কার চালু করেন। প্রথমবার এই সম্মান পান জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন।
বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা কুক ইতোমধ্যেই ড. ইউনূসকে এই সম্মাননা পাওয়ায় অভিনন্দন জানিয়েছেন।
রাজা চার্লসের কাছ থেকে এই সম্মান প্রাপ্তি বাংলাদেশ ও ড. ইউনূস-উভয়ের জন্যই এক গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।
আরও পড়ুন: ভারতে ২৪২ যাত্রী নিয়ে বিমান বিধ্বস্ত, বহু হতাহতের শঙ্কা
