, | |

মূলপাতা জাতীয়

চীনের পিকিং বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি পেলেন ড. ইউনূস


ড. মুহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে চীনের পিকিং বিশ্ববিদ্যালয়।
প্রকাশের সময় :২৯ মার্চ, ২০২৫ ১১:১৫ : পূর্বাহ্ণ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দিয়েছে চীনের ঐতিহ্যবাহী পিকিং বিশ্ববিদ্যালয়। আজ শনিবার এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে প্রধান উপদেষ্টাকে এই উপাধি দেওয়া হয়। প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে বিষয়টি জানানো হয়েছে।

পিকিং বিশ্ববিদ্যালয় (পিকেইউ) চীনের বেইজিংয়ের হাইদিয়ান ডিস্ট্রিক্টে অবস্থিত একটি সরকারি বিশ্ববিদ্যালয়। ১৮৯৮ সালের ৩ জুলাই সম্রাট গুয়াংসুর রাজকীয় সনদে এটি ‘ইম্পিরিয়াল ইউনিভার্সিটি অব‍ পিকিং’ নামে প্রতিষ্ঠিত হয়। এটি চীনের দ্বিতীয় প্রাচীনতম বিশ্ববিদ্যালয় হিসেবে পরিচিত।

এরপর, ১৯১২ সালের ৩ মে চীন প্রজাতন্ত্রের সরকার এটির নাম পরিবর্তন করে ‘পিকিং বিশ্ববিদ্যালয়’ রাখে। ১৯৫২ সালে চীনের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর পুনর্গঠনের সময় পিকিং বিশ্ববিদ্যালয় ইয়েনচিং বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একীভূত হয় এবং বর্তমান ক্যাম্পাসে স্থানান্তরিত হয়। পরে ২০০০ সালের এপ্রিলে এটি বেইজিং মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একীভূত হয়।

পিকিং বিশ্ববিদ্যালয় উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রে বিশ্বব্যাপী স্বীকৃত। এখানে মানবিক, সামাজিক বিজ্ঞান, প্রকৌশল, চিকিৎসা বিজ্ঞানসহ বিভিন্ন ক্ষেত্রে উচ্চমানের শিক্ষা ও গবেষণা পরিচালিত হয়। বিশ্ববিদ্যালয়টি ৩০টি কলেজ ও ১২টি বিভাগের মাধ্যমে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে বিভিন্ন প্রোগ্রাম পরিচালনা করে। বিশ্বের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোর তালিকায় এটির অবস্থান ১৪ নম্বরে।

 

উল্লেখ্য, চার দিনের সফরে গত ২৬ মার্চ চীনে পৌঁছান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। চীনের হাইনানের কিয়ংহাই বোয়াও বিমানবন্দরে তাকে লাল গালিচা সংবর্ধনাসহ উষ্ণ অভ্যর্থনা দেয় দেশটির সরকার। পরদিন ২৭ মার্চ বোয়াও ফোরাম ফর এশিয়া (বিএফএ) বার্ষিক সম্মেলন ২০২৫-এর উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেন ড. মুহাম্মদ ইউনূস।

২৮ মার্চ বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করছেন প্রধান উপদেষ্টা। এদিন বাংলাদেশ ও চীনের মধ্যে অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতার বিষয়ে একটি চুক্তি ও আটটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

এরপর চীনা ব্যবসায়ী নেতাদের সঙ্গে ইনভেস্টমেন্ট ডায়ালগে অংশ নেন তিনি। একই স্থানে টেকসই অবকাঠামো ও জ্বালানি বিনিয়োগ, বাংলাদেশ টু পয়েন্ট জিরো উৎপাদন ও বাজার সুযোগ, সামাজিক ব্যবসা ও যুব উদ্যোক্তা এবং তিন শূন্যের বিশ্ব-এই তিনটি বিষয়ের ওপর তিনটি গোলটেবিল আলোচনায় যোগ দেন ড. ইউনূস।

এ ছাড়া প্রধান উপদেষ্টার সঙ্গে চীনের স্টেট কাউন্সিলের নির্বাহী উপ-প্রধানমন্ত্রী ডিং জুয়েশিয়াং, চীনের পানি সম্পদ মন্ত্রী লি গোইয়িং, রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী আলেক্সি ওভারচুক, জাতিসংঘের সাবেক মহাসচিব ও বোয়াও ফোরাম ফর এশিয়ার (বিএফএ) চেয়ারম্যান বান কি-মুন সাক্ষাৎ করেছেন।

আরও পড়ুন: ড. ইউনূসকে দৃঢ় সমর্থন চীনা প্রেসিডেন্টের

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর