, | |

মূলপাতা জাতীয়

হিযবুত তাহরীরের ‘মার্চ ফর খিলাফত’ ঘিরে কঠোর নিরাপত্তা


বায়তুল মোকাররম এলাকায় সতর্ক অবস্থানে সেনাবাহিনীর সদস্যরা।
প্রকাশের সময় :৭ মার্চ, ২০২৫ ১:২১ : অপরাহ্ণ

নিষিদ্ধঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের ডাকা ‘মার্চ ফর খিলাফত’ কর্মসূচি ঘিরে রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

আজ শুক্রবার সকাল থেকেই বায়তুল মোকাররমের ভেতরে ও বাইরে, পল্টন মোড় এলাকায় আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থান নেন।

সরেজমিনে দেখা যায়, নাইটিংগেল মোড়, পুরানা পল্টন মোড়, দৈনিক বাংলা মোড়, ফকিরাপুল ও গুলিস্তানসহ আশপাশের প্রতিটি মোড়ে পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। পাশাপাশি বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে জলকামান, এপিসি ও প্রিজন ভ্যান মোতায়েন করা হয়েছে।

এ ছাড়া পুরো এলাকায় টহল অব্যাহত রেখেছেন সেনাবাহিনীর সদস্যরা।

আজ বায়তুল মোকাররম এলাকায় ‘মার্চ ফর খিলাফত’ পালনের ঘোষণা দেয় নিষিদ্ধঘোষিত সংগঠন হিযবুত তাহরীর।

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানায়, হিযবুত তাহরীরসহ নিষিদ্ধঘোষিত কোনো সংগঠন সভা, সমাবেশ ও প্রচারণামূলক কার্যক্রম চালালে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

গতকাল বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, হিযবুত তাহরীর বাংলাদেশের আইন অনুযায়ী একটি নিষিদ্ধঘোষিত সংগঠন।

জননিরাপত্তার প্রতি হুমকি বিবেচনায় ২০০৯ সালের ২২ অক্টোবর বাংলাদেশ সরকার হিযবুত তাহরীরকে নিষিদ্ধ ঘোষণা করে। সন্ত্রাসবিরোধী আইন-২০০৯ অনুযায়ী, নিষিদ্ধঘোষিত যেকোনো সংগঠনের সভা-সমাবেশ, মিছিল, পোস্টার-লিফলেট বিতরণ ও অন্যান্য উপায়ে প্রচারণাসহ সব কার্যক্রম শাস্তিযোগ্য অপরাধ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, হিযবুত তাহরীরসহ নিষিদ্ধঘোষিত কোনো সংগঠন সভা, সমাবেশ ও যেকোনো উপায়ে প্রচারণামূলক কার্যক্রম পরিচালনা করলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কর্তৃক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে গতকাল বৃহস্পতিবার রাত ১২টার দিকে রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে হিযবুত তাহরীরের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করে ডিএমপির সিটিটিসি ইউনিট।

আরও পড়ুন: গণঅভ্যুত্থানের সময় সেনাবাহিনীকে যে বিষয়ে সতর্ক করেছিলেন ভলকার তুর্ক

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর