মিয়ানমারের সেনা অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত অং সান সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) এক নেতা আটক হওয়ার পর কারাগারে মারা গেছেন। এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে মার্কিন গণমাধ্যম ভয়েস অব আমেরিকা।
জানা যায়, পুলিশি হেফাজতে মারা যাওয়া এনএলডির ওই নেতার নাম জাউ মিয়াত লিন। বিক্ষোভের সময় ইয়াঙ্গুন থেকে গত সোমবার তাকে আটক করা হয়েছিলো। আটকের পরদিনই অর্থাৎ মঙ্গলবার পুলিশি হেফাজতে মৃত্যু হয় তার।
১ ফেব্রুয়ারি সু চিকে আটক করার পর এ নিয়ে কারাগারে দ্বিতীয় কোনো রাজনৈতিক নেতার মৃত্যু হলো।
পার্লামেন্টের উচ্চকক্ষের সাবেক সদস্য মিয়ো থেইন বলেন, আটক জাউ মিয়াত লিন নিয়মিত জান্তাবিরোধী বিক্ষোভে অংশ নিয়ছিলেন। এখন তার পরিবার সামরিক হাসপাতাল থেকে মরদেহ নিয়ে আসার চেষ্টা করছে।
দক্ষিণপূর্ব এশিয়ার দেশটির সবচেয়ে বড় শহরে একটি ভোকেশনাল ইনস্টিটিউট পরিচালনা করতেন জাউ মিয়াত লিন। এর আগে শনিবার এনএলডির প্রচার ব্যবস্থাপকের কাজ করা খিন মুং ল্যাটকে গ্রেফতার করা হলে কারাগারে তার মৃত্যু হয়।
পহেলা ফেব্রুয়ারি গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে হটিয়ে সেনাবাহিনী ক্ষমতা দখল করলে মিয়ানমারে ব্যাপক সংকট দেখা দিয়েছে। এরপর থেকে বিক্ষোভ অব্যাহত রয়েছে। বহু সরকারি কর্মকর্তাও এই আন্দোলনে যোগ দিয়েছেন।
গত এক মাসের বেশি সময়ে ৬০ জনেরও বেশি অভ্যুত্থানবিরোধী বিক্ষোভকারী নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছেন। আটক হয়েছেন দুই হাজারের বেশি।
